২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির নতুন কোচ এনরিকে

ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 09:26 PM

Updated : 19 Jul 2023, 05:42 PM

ক্রিস্তোফার গালতিয়েকে বরখাস্ত করার পর নতুন কোচ নিয়োগে একেবারেই সময় নিল না পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের দায়িত্ব নিলেন লুইস এনরিকে।

চুক্তির মেয়াদের এক বছর বাকি থাকতেই বুধবার গালতিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় পিএসজি। এর কয়েক ঘন্টা পরই এনরিকেকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে জানায় প্যারিসের ক্লাবটি।

পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ এনরিকে।

ইএসপিএন-এর খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতেই এনরিকের সঙ্গে চুক্তিতে পৌঁছায় পিএসজি। তা আনুষ্ঠানিকভাবে জানানোর আগে কেবল গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের অপেক্ষায় ছিল তারা।

২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান এনরিকে। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ।

বার্সেলোনাতে তিন বছর কোচের দায়িত্বে ছিলেন এনরিকে। প্রথম মৌসুমেই দলটিকে জেতান ‘ট্রেবল’। তার হাত ধরে পরে আরও একবার লা লিগা, আরও দুবার কোপা দেল রে শিরোপা জেতে কাম্প নউয়ের দলটি।

এর আগে স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগো ও সেরি আর দল রোমার দায়িত্বেও ছিলেন এনরিকে।

পিএসজিতে এনরিকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দল নতুন করে সাজানো এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালো করা। খেলোয়াড় কেনায় কাড়ি কাড়ি অর্থ ঢেলেও ইউরোপ সেরার মঞ্চে শিরোপার স্বাদ পায়নি দলটি। এই প্রতিযোগিতায় ব্যর্থতার জন্য চাকরি হারিয়েছেন একের পর এক কোচ।

সবশেষ মৌসুমের পর পিএসজি ছেড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোস।