২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির জয়ের নেপথ্যে ‘দলীয় ঐক্য’

এই ঐক্যই তাদের অনেক দূর নিয়ে যাবে বলে মনে করেন জার্মানির অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 08:29 AM

Updated : 26 Aug 2026, 09:49 AM

কয়েক মাস আগেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল জার্মানি। তারাই ঘরের মাঠের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুলে নিয়েছে টানা দুটি জয়। প্রথম দল হিসেবে উঠে গেছে নকআউট পর্বে। তার আগে এই বছর তারা হারিয়েছে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে। টনি ক্রুস বলছেন, তখন থেকেই কঠিন মুহূর্ত কাটিয়ে ওঠার বিশ্বাস তৈরি হয় তাদের মাঝে, এখন দল হিসেবে তারা খুবই ঐক্যবদ্ধ। এই ঐক্যই তাদের অনেক দূর নিয়ে যাবে বলে বিশ্বাস অভিজ্ঞ জার্মান মিডফিল্ডারের।

স্টুটগার্টে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারায় জার্মানি। প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৫-১ গোলে। 

২০১২ সালের পর এই প্রথম কোনো ইউরোয় নিজেদের প্রথম দুই ম্যাচে জিতল জার্মানরা। ২০১২ ও ২০১৬, টানা দুটি ইউরোয় তারা খেলেছিল সেমি-ফাইনালে। তারপর থেকেই পেছন পানে ছুটতে শুরু করে তারা, প্রতিটা বড় টুর্নামেন্টে তাদের সঙ্গী হয় একরাশ হতাশা।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় চারবারের শিরোপা জয়ীরা। মাঝে ২০২১ সালে হওয়া গত ইউরোয় তাদের পথচলা থামে শেষ ষোলোয়।

গত বছর পর্যন্তও একের পর এক ম্যাচে হতাশা সঙ্গী করে ফিরছিল তারা। ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬টিতেই পায় হারের তেতো স্বাদ। জিততে পারে মাত্র দুটি।

তবে গত মার্চের দুটি প্রীতি ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারিয়ে কক্ষপথে ফিরতে শুরু করে জার্মানি। তারপর থেকে একটি ম্যাচও তারা হারেনি। এই বছরে ৬ ম্যাচ খেলে তাদের জয় ৫টি, ড্র একটি।

অবসর ভেঙে মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা ক্রুস হাঙ্গেরি ম্যাচের পর বললেন, আগের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পেরেছেন বলেই সাফল্য পাচ্ছেন তারা।

“এটা (হাঙ্গেরির বিপক্ষে জয়) দ্বিতীয় ধাপ, আগে প্রথম ধাপ নিশ্চিত করতে হতো (স্কটল্যান্ডের বিপক্ষে)। সাম্প্রতিক টুর্নামেন্টে বিরল ঘটনা যে, আমরা প্রথম দুটি ম্যাচ জিতেছি। আমাদের কিছু সমস্যা ছিল, সেগুলো আমরা ভালোভাবে কাটিয়ে উঠেছি।”

“মার্চ মাসে আমরা কঠিন মুহূর্তগুলো কাটিয়ে উঠতে শুরু করেছিলাম, দল তখন বিশ্বাস করতে শুরু করে যে, তারা এই ধরনের মুহূর্তগুলো কাটিয়ে উঠতে পারে… আমি মনে করি, আমাদের মধ্যে ভালো ঐক্য আছে। আশা করি, এটাই আমাদের অনেক দূর নিয়ে যাবে।”