খেলোয়াড়দের শতভাগ মনোযোগী হওয়ার তাগিদ বায়ার্ন কোচের
নিজের নতুন দলের হয়ে মৌসুম শুরু করতে উন্মুখ ভিনসেন্ট কোম্পানি।
ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটানোর পর বায়ার্ন মিউনিখের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। জার্মানির সফলতম দলটিকে আবার সাফল্যের পথে ফেরাতে চান ভিনসেন্ট কোম্পানি। এজন্য খেলোয়াড়দের শতভাগ মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন দলটির এই বেলজিয়ান কোচ।
গত মৌসুমটা ভীষণ বাজে কাটে বায়ার্নের। বুন্ডেসলিগায় তাদের ১১ মৌসুমের রাজত্বের অবসানই শুধু হয়নি, তারা লিগ শেষ করে চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন ও রানার্সআপ স্টুটগার্টের পেছনে থেকে, তৃতীয় হয়ে। জার্মান কাপে বায়ার্নের পথচলা থামে দ্বিতীয় রাউন্ডে। চ্যাম্পিয়ন্স লিগে তারা সেমি-ফাইনালে উঠলেও, সেখান থেকে তাদেরকে বিদায় করে দেয় রেয়াল মাদ্রিদ।
এক দশকের বেশি সময় পর এবারই প্রথম ঘরোয়া কিংবা ইউরোপিয়ান কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করে বায়ার্ন। কোচ টমাস টুখেলের সঙ্গে চুক্তি বাতিল করে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় কোম্পানির হাতে।
নতুন মৌসুম সামনে রেখে কোম্পানির কোচিংয়ে মঙ্গলবার প্রথমবার অনুশীলন করে বায়ার্ন। এরপর ক্লাবের ওয়েবসাইটে ম্যানচেস্টার সিটির সাবেক এই ডিফেন্ডার বলেন, দলকে সাফল্যের পথে ফেরানোই তার মূল লক্ষ্য।
“আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং শুরু থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে আমাদের কেবল শীর্ষে ফেরার দিকে মনোযোগ দিতে হবে। এখন আবার সফল হওয়ার জন্য দলকে অবশ্যই শতভাগ মনোযোগী হতে হবে এবং তাড়না থাকতে হবে। এই দলের সঙ্গে মৌসুম শুরু করতে উন্মুখ আমি। এখন আমরা নিশ্চিত করছি যে, সবাই ঠিকঠাক এবং এই প্রাক-মৌসুমে সবকিছু ঠিক আছে।”
