স্রেফ কথা নয়, মাঠে প্রমাণ দিতে চান তপু-সোহেলরা
প্রথম লেগে ৭-০ গোলে উড়ে যাওয়ার দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি নিজেদের আঙিনায় কোনোভাবেই দেখতে চায় না বাংলাদেশ।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই উপলক্ষে মাঠের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে নিতে যদিও খুব বেশি সময় মিলছে না। তবে এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব, নিজেদের শাণিয়ে নিতে চান তপু বর্মন ও সোহেল রানা। দলের এই দুই অভিজ্ঞ খেলোয়াড় বললেন, প্রথম লেগের বড় হারের পুনরাবৃত্তি কিছুতেই দেখতে চান না তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ। আর আগামী ১১ জুনে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা, প্রতিপক্ষ লেবানন। এ মুহূর্তে তপু, সোহেলদের ভাবনার কেন্দ্রে কেবলই অস্ট্রেলিয়া ম্যাচ।
সেই ভাবনার মধ্যে উঁকি দিচ্ছে প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলের হার। সেবারও ম্যাচের আগে খেলোয়াড়রা প্রতিশ্রুতি দিয়েছিলেন লড়াই করার, কিন্তু মাঠের খেলায় তার প্রতিফলন ছিল না। এবার তাই স্রেফ মুখের কথা নয়, কাজ করে দেখাতে চান তপু। অভিজ্ঞ এই ডিফেন্ডার আরও বেশি আশাবাদী ম্যাচটি ঘরের মাঠে বলে।
“দেখেন, সত্যি বলতে অস্ট্রেলিয়া ও লেবানন আমাদের থেকে অনেক এগিয়ে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে। অস্ট্রেলিয়ার হোমে আমরা ৭-০ গোলে হেরেছিলাম। তবে এবার আমাদের হোমে খেলা, অবশ্যই ম্যাচটা ইন্টারেস্টিং হবে। আমরা আমাদের শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করব। কেননা আমাদের নিজেদের মাঠে খেলা, আমাদের দর্শক থাকবে অনেক। আমরা একটা লড়াকু ম্যাচ দেওয়ার চেষ্টা করব। ভালো খেলার চেষ্টা করব। এটাই আমাদের মূল লক্ষ্য।”
“জাতীয় দল এমন একটি জায়গা, যে ভালো পারফরম্যান্স করবে, সেই থাকবে আর জিকো (আনিসুর রহমান) আমাদের বাংলাদেশের জন্য ৪-৫ বছর যথেষ্ট সমর্থন করেছে আমাদের এবং সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। অবশ্যই তাকে মিস করব, কিন্তু দিনশেষে যারা লিগে খেলেছে, পারফরম করেছে, কোচ-ম্যানেজার তাদেরই বেছে নিয়েছেন। আমরা যারা আছি, তারা তাদের সহায়তার চেষ্টা করব। আমাদেরই করতে হবে। সবসময় আমরা কথা বলি, কিন্তু আমরা সেটা মাঠে প্রমাণ করতে চাই, ফাইট দিতে চাই।”
অস্ট্রেলিয়ার মাঠে মাথা তুলেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তপুর চাওয়া শক্তিশালী প্রতিপক্ষকে এবার আটকে রাখা। চোট কাটিয়ে শেখ মোরসালিন ও ডিফেন্ডার কাজী তারিক রায়হানের ফেরা তাকে আশাবাদী করে তুলছে আরও।
“ওরা ওদের মাঠে আমাদের উপর যেভাবে ছড়ি ঘুরিয়েছে, এবার আমরা আমাদের মাঠে…ওরা সেইভাবে আধিপত্য করতে পারবে না। যে ব্যবধানে পার্থে (মেলবোর্নে) হেরেছি, সেই ব্যবধানে এখানে হারতে চাইব না এবং আমরা একটা ফাইটিং ম্যাচ খেলতে চাই। আমাদের মূল লক্ষ্য আমরা যেন গোল হজম না করি, যত সময় আমরা গোল হজম করব না, ততক্ষণ…আপনারা দেখেছেন ফিলিস্তিনের বিপক্ষে আমরা ৯৫তম মিনিটে গোল খেয়ে হেরেছি, নিশ্চিতভাবে কিংস অ্যারেনায় আমাদের পারফরম্যান্স ভালো।”
“মোরসালিন ইনজুরিতে ছিল, তারিক কাজীও ছিল (চোটে), ওরা দুজনই আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেশের জন্য গুরুত্বপূর্ণ। বসুন্ধরা কিংসের হয়ে শেষ ম্যাচেও মোরসালিন গোল পেয়েছে, আমাদের সবারই প্রত্যাশা থাকে মোরসালিন গোল করবে, দলকে ভালো সাহায্য করবে।”
সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। সবার খেলার মধ্যে থাকাটা সোহেলের কাছে ইতিবাচক। এই অভিজ্ঞ মিডফিল্ডারের কণ্ঠেও ঘুরে-ফিরে এলো প্রথম লেগের ভরাডুবির স্মৃতি, পাশাপাশি নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও।
“প্রতিটি খেলোয়াড় লিগে খেলার মধ্যে ছিল, সবাই ফিট আছে। এ ম্যাচের জন্য সবাই প্রস্তুত আছি। অস্ট্রেলিয়ার মাঠে যেটা হয়েছে, আমরা চাইব ঘরের মাঠে যেন সেটার পুনরাবৃত্তি না হয়। আশা করি, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটা লড়াই করতে পারব।”
“অস্ট্রেলিয়ার যে আবহাওয়া, সেটা অনেক ঠাণ্ডা ছিল এবং বাতাস ছিল। ওখানে আমাদের সমস্য হয়েছিল। আমার মনে হয়, এখানকার আবহাওয়া আমাদের অনেক সাহায্য করবে, এখানে আমাদের কোনো সমস্যা হবে না। ওরা চাইবে আমরা যেন ছোটখাট ভুল করি, কিন্তু আমরা চাই সেই ভুলগুলো না করতে।”
