রেয়াল মাদ্রিদের ‘যড়যন্ত্র তত্ত্বকে’ পাত্তাই দিচ্ছেন না লা লিগা সভাপতি
বরং ক্লাবটির এই দাবির তীব্র সমালোচনা করে তিরস্কার করেছেন হাভিয়ের তেবাস।
নিয়মিতভাবে রেফারিদের রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, দলটির এমন অভিযোগ অদ্ভূত এক কল্পনা ছাড়া আর কিছু নয় বলে দাবি করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
লা লিগায় রেফারিং নিয়ে মাদ্রিদের ক্লাবটির অভিযোগ তোলার ঘটনা নতুন কিছু নয়। সবশেষ মাদ্রিদ ডার্বিতে হারের পর, দলটির কোচ জুজে মরিনিয়ো যেভাবে দুটি ঘটনার উল্লেখ করে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তা তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গত রোববার ২-১ গোলে হারের পর, রেফারির ভুলের দায় দেন রেয়ালের অনেকে। সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন মরিনিয়ো। প্রথমার্ধে জুড বেলিংহ্যামের পা মাড়িয়েও ক্রিস্তিয়ান রোমেরোর লাল কার্ড না পাওয়া এবং পরে ফেদেরিকো ভালভের্দেকে করা লি কাং-ইনের কড়া একটি ট্যাকল নিয়ে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বিতর্কিত ঘটনা দুটির প্রিন্ট করা ছবিও নিয়ে যান পর্তুগিজ কোচ।
বাকি দলগুলোর সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া হচ্ছে না, এমন অভিযোগও তোলেন মরিনিয়ো।
রেয়ালের ওই ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে এক স্প্যানিশ গণমাধ্যমে লেখা কলামের জবাবে তাদের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তেবাস।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “রেফারিদের রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, এমন দাবি করাটা আসলে অন্য এক জগতে বাস করার মতো।“
তেবাসের মতে নিজেদের ঘাটতি ঢাকতেই এসব ভিত্তিহীন কথা বলছে ক্লাবটি।
“মৌসুমে প্রথম ম্যাচগুলোয় তাদের যেসব ঘাটতি উন্মোচিত হয়েছে, সেসব ঢাকতে এসব কথা কেবল অজুহাতই মনে হয়।
“মাঠে যা কিছু হচ্ছে, তার ব্যাখ্যা দেওয়ার চেয়ে একটা ষড়যন্ত্রের কথা বলাই সহজতর।”
এবারের লিগে সেটি ছিল রেয়ালের দ্বিতীয় হার। সাত ম্যাচের পাঁচটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। তাদের চেয়ে এক পয়েন্ট করে বেশি নিয়ে রেয়াল বেতিস তিনে ও আতলেতিকো মাদ্রিদ দুইয়ে আছে। আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা।
ডার্বির পরদিন রেয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও রেফারির ভুলের কথা উল্লেখ করেন। যদিও তিনি কোনোরকম সমালোচনা না করে, বিষয়টিকে রেফারির ‘মানবিক ভুল’ হিসেবেই দেখার কথা বলেন।
২০২১ সালে রেয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ আরও কয়েকটি দল মিলে ইউরোপিয়ান সুপার লিগ গঠনের চেষ্টার খবর প্রকাশ্যে আসে, ওই প্রচেষ্টার মূলে ছিল রেয়াল ও এর সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। সেই থেকে গত কয়েক বছরে বারবার স্পেনের সফলতম ক্লাবটি ও এর সভাপতির তীব্র সমালোচনা করতে দেখা গেছে তেবাসকে।
