সেই কিশোর দর্শকের ফোন ভাঙার ঘটনায় অভিযুক্ত রোনালদো
পর্তুগিজ তারকার পাশে থাকার কথা জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মেজাজ হারিয়ে এক দর্শকের ফোন আছাড় মেরে ভেঙে ফেলার ঘটনায় সহসায় নিস্তার মিলছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
গত এপ্রিলে এভারটনের মাঠে ইউনাইটেডের ১-০ গোলে হারের ম্যাচের পর ওই কাণ্ড ঘটান রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটায় সজোরে চাপড় দেন পর্তুগিজ তারকা। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, এক দর্শকের ফোনে আঘাত করেন তিনি, ফোনটি আছড়ে পড়ে মাটিতে।
পরে জানা যায়, ওই ফোন ১৪ বছর বয়সী এক দর্শকের। ছেলেটির মা সংবাদমাধ্যমকে জানান, তার ছেলে হাতে আঘাত পেয়েছে এবং ফোনের স্ক্রিন ভেঙে গেছে।
রোনালদো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ওই দর্শককে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান।
সেই ঘটনার তদন্তের পর গত মাসে রোনালদোকে সতর্ক করে দিয়েছিল পুলিশ। বিতর্কিত ঘটনাটির আনুষ্ঠানিক সমাপ্তি বলেই ধরে নেওয়া হয়েছিল তখন।
তবে এফএ শুক্রবার এক বিবৃতিতে রোনালদোকে অভিযুক্ত করার কথা জানায়।
“দাবি করা হয়েছে, শেষ বাঁশি বাজার পর এই ফরোয়ার্ডের আচরণ অনুপযুক্ত অথবা সহিংস ছিল।”
ইউনাইটেড জানিয়েছে, তারা অভিযোগের জবাবে রোনালদোর প্রতি সমর্থন দেবে।
