২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডে যোগ দিয়ে হয়লুন বললেন, 'শৈশবের স্বপ্ন পূরণ হলো'

ইংলিশ ক্লাবটির আস্থার প্রতিদান দিতে দৃঢ়প্রতিজ্ঞ তরুণ ডেনিশ ফরোয়ার্ড।

ইউনাইটেডে যোগ দিয়ে হয়লুন বললেন, 'শৈশবের স্বপ্ন পূরণ হলো'

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ওল্ড ট্র‍্যাফোর্ডে গাসমুস হয়লুন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 06:54 PM

Updated : 05 Aug 2023, 07:01 PM

সবকিছু নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। সেই ধাপ পেরিয়ে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় গাসমুস হয়লুন। ওল্ড ট্র্যাফোর্ডের দলটিতে যোগ দিয়ে এই ডেনিশ ফরোয়ার্ড বললেন, তার শৈশবের স্বপ্ন ছিল এই ক্লাবকে প্রতিনিধিত্ব করার।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে শনিবার আতালান্তা থেকে হয়লুনকে দলে টানার খবরটি জানায় ইউনাইটেড। পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড।

বিবিসির খবর অনুযায়ী, হয়লুনের জন্য ৭ কোটি ২০ লাখ পাউন্ড গুনেছে ইউনাইটেড।

২০২২ সালের অগাস্টে আতালান্তায় যোগ দিয়ে গত মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচে ১০ গোল করেন হয়লুন। উন্নতির ধারায় তার সামনে এখন নতুন চ্যালেঞ্জ।

ইউনাইটেডের বিবৃতিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হয়লুন বলেছেন, ক্লাবের আস্থার প্রতিদান দিতে নিজেকে উজাড় করে দেবেন তিনি।

“এটা গোপন কিছু নয়, ছোটবেলা থেকেই আমি এই দুর্দান্ত ক্লাবটির সমর্থক। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার স্বপ্ন দেখতাম।”

“স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ক্লাব আমার ওপর যে বিশ্বাস রেখেছে, আমি তার প্রতিদান দিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি এখনও ক্যারিয়ারের শুরুর দিকে আছি। তবে আমার বিশ্বাস, এই পদক্ষেপ নিতে এবং এখানে বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে খেলতে আমি প্রস্তুত।”

ডেনমার্ক জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৬টি গোল করেছেন হয়লুন।

চলতি গ্রীষ্মের দলবদলে হয়লুনের আগে ইউনাইটেডে নাম লিখিয়েছেন মিডফিল্ডার ম্যাসন মাউন্ট ও গোলরক্ষক আন্দ্রে ওনানা।