২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবের অনুমতি না নিয়ে ছুটি কাটালেন বিশ্বকাপ জয়ী ফের্নান্দেস!

বেনফিকার দুটি অনুশীলন সেশনে ছিলেন না বিশ্বকাপ জয়ী তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2023, 04:34 PM

Updated : 06 Jan 2023, 04:52 PM

কদিন আগে শিরোনামে এসেছিলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে। এবার এনসো ফের্নান্দেস আলোচনায় ক্লাবের অনুমতি না নিয়ে আর্জেন্টিনায় গিয়ে। বিশ্বকাপ জয়ী তরুণ এই মিডফিল্ডার এ কারণে ক্লাবের দুটি অনুশীলন সেশনে ছিলেন না বলেও ক্ষোভের সুরে জানিয়েছেন বেনফিকার কোচ ওগা শ্মিট। 

স্বদেশী ক্লাব রিভার প্লেট থেকে গত জুলাইয়ে বেনফিকায় যোগ দেন ফের্নান্দেস। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পথে আলো ছড়িয়ে তিনি নজর কাড়েন সবার। জিতে নেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। 

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর, আর্জেন্টিনার গিয়ে আবার লিসবনে ফেরার আগে ক্লাবের দুটি অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন ফের্নান্দেস। বৃহস্পতিবার কোচ শ্মিটও স্বীকার করেন বিষয়টি। অনুমতি না নিয়ে খেলোয়াড়ের দেশে ফেরার ব্যাপারটি মেনে নিতে পারছেন না তিনি।     

"সে (এই সপ্তাহের শুরুর দিকে) এখানে ছিল না। তার আর্জেন্টিনায় যাওয়ার কোনো অনুমতি ছিল না, সে অনুশীলন সেশন মিস করেছে, যা গ্রহণযোগ্য নয়।” 

বেনফিকা থেকে ফের্নান্দেসকে চেলসি দলে টানতে যাচ্ছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। চারপাশের বাস্তবতা বুঝতে পারছেন শ্মিট, কিন্তু এই জার্মান কোচের চাওয়া বেনফিকাতেই থেকে যাক ফের্নান্দেস। 

"এনসো খুব ভালো ছেলে ও দারুণ ফুটবলার। আমরা তাকে ভালোবাসি এবং অবশ্যই চাই সে বেনফিকায় থাকুক। তার জন্য পরিস্থিতি সহজ নয়। সে বিশ্বকাপে ভালো খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। প্রস্তাব পেয়েছে এবং অনেক অর্থের হাতছানি আছে। একজন তরুণ খেলোয়াড়ের জন্য বিষয়টি জটিল।” 

নাম উল্লেখ না করে শ্মিট বলেছেন, একটি ক্লাবের ফের্নান্দেসকে কেনার জন্য উঠেপড়ে লাগাটা বেনফিকার জন্য ‘অসম্মানজনক।’ সংবাদমাধ্যমের খবর, ২১ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ ১২ কোটি ইউরো। 

“সবাই জানে তার চুক্তিতে একটি রিলিজ ক্লজ আছে। এমন একটি ক্লাব আছে যারা আমাদের খেলোয়াড়কে চায়। তারা জানে যে, এই রিলিজ ক্লজ পরিশোধ করলেই খেলোয়াড়কে পেতে পারে। কিন্তু তারা যা করছে, তা অসম্মানজনক।”