এমবাপের গোল খরা নিয়ে চিন্তিত নন পিএসজি কোচ
ক্লাবের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পাননি বিশ্বকাপজয়ী ফরাসি তারকা।
গোল করতে যেন ভুলে গেছেন কিলিয়ান এমবাপে। পিএসজির হয়ে টানা চার ম্যাচে কোনো গোল নেই ফরাসি ফরোয়ার্ডের। তাকে নিয়ে তাই শুরু হয়ে গেছে নানা আলোচনা-সমালোচনা। তবে এমবাপের পাশে দাঁড়িয়েছেন লুইস এনরিকে। বিশ্বকাপজয়ী এই তারকার পড়তি ফর্ম নিয়ে দুঃশ্চিন্তার কিছু দেখছেন না পিএসজি কোচ।
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পেনাল্টি থেকে সবশেষ একটি গোল করেছিলেন এমবাপে। এরপর মার্সেই, ক্লেহমোঁ, নিউক্যাসল ইউনাইটেড ও রেনের বিপক্ষে খেললেও জালের দেখা পাননি তিনি।
লিগ আঁতে রোববার রেনের বিপক্ষে ম্যাচটি যদিও অনায়াসেই ৩-১ গোলে জেতে পিএসজি। তবে গোলের সহজ একটি সুযোগ নষ্ট করেন এমবাপে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী এই ফুটবলারের কাঁধে ভরসার হাত রাখলেন কোচ এনরিকে।
“কিলিয়ান গোল করতে পারেনি, তবে মৌসুমের শুরু থেকে সে খুব ভালো অবস্থায় আছে। সে কিছু ভালো কাজ করেছে। সে পাস দিয়েছে এবং ভালো সুযোগ তৈরি করেছে।”
“এটা সত্যি যে, এই ম্যাচে সে গোল করতে পারেনি, এটা কিছুটা অদ্ভুত। তবে আক্রমণ ও রক্ষণে দলের জন্য সে কী করে, তা আমার মনে আছে।”
আন্তর্জাতিক বিরতির আগে পিএসজির আর কোনো ম্যাচ নেই।
