২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্সেনাল ফিরেছে’, লিগ ম্যাচ সামনে রেখে বললেন গুয়ার্দিওলা

এবারও আর্সেনাল লিগ শিরোপার লড়াইয়ে চ্যালেঞ্জ জানাবে বলে মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ।

‘আর্সেনাল ফিরেছে’, লিগ ম্যাচ সামনে রেখে বললেন গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 08:34 PM

Updated : 06 Oct 2023, 08:34 PM

লিগ শিরোপার দাবি নিয়ে গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ঘাড়ে শ্বাস ফেলেছিল আর্সেনাল, কিন্তু পরে পথ হারিয়ে বসে লন্ডনের ক্লাবটি। শিরোপা উৎসব করে সিটি। দলটির কোচ পেপ গুয়ার্দিওলার মনে হচ্ছে, এবারও তাদের পথ আগলে দাঁড়াতে পারে আর্সেনাল।

গত মৌসুমে বেশিরভাগ সময় লিগ টেবিলে শীর্ষে থাকলেও শেষ দিকে পথ হারিয়ে ফেলে আর্সেনাল। পরে তাদের টপকে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ঐতিহাসিক ট্রেবলের বৃত্ত পূরণ করে সিটি।

এই মৌসুমেও দারুণ ছন্দে আছে আর্সেনাল। এরই মধ্যে সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে তারা। চলতি লিগে দুই অপরাজিত দলের একটিও আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে রোববার লিগ ম্যাচে মুখোমুখি হবে সিটি ও আর্সেনাল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারীরা; ১৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে আর্সেনাল। এ ম্যাচ সামনে রেখেই আর্তেতার দলের প্রশংসা করেন গুয়ার্দিওলা।

“গত মৌসুমে আর্সেনাল আমাদের বড় প্রতিদ্বন্দ্বী ছিল। অতীতে অবশ্য তারা এই পর্যায়ে ছিল না। কিন্তু ইতোমধ্যে তারা (শীর্ষ পর্যায়ে) এসে গেছে এবং এই অবস্থানে দীর্ঘদিন থাকবেও।”

“তারা ভালো একটা দল…তাদের পরিষ্কার একটা ধাঁচ আছে। তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করেছিল এবং এখন তারা আবারও একই পথে। আর্সেনাল ফিরেছে।”

প্রতিপক্ষের মাঠে ম্যাচ সহজ হবে না বলেও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন গুয়ার্দিওলা।

“যখন আমি কিশোর এবং বার্সেলোনায় ছিলাম, আর্সেনাল সবসময় আমাদের আলোচনায় ছিল এবং তারা আবার স্বরূপে ফিরেছে। এমিরেটসে ম্যাচ খেলা কঠিন লড়াইগুলোর একটি।”

লিগে সবশেষ ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে সিটি। গত সপ্তাহে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ২-১ গোলে হেরে যায় তারা। গুয়ার্দিওলার মনে হচ্ছে, আসছে ম্যাচেও তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে; নিজেদের মাঠে আর্তেতার শিষ্যরা হাত গুটিয়ে বসে থাকবে না।

“উলভস ম্যাচের চেয়ে আর্সেনাল ম্যাচ পুরোপুরি ভিন্ন হবে। প্রথম মিনিট থেকে উলভস রক্ষণাত্মক খেলেছে। আমি মনে করি না, আর্সেনালের মাঠে সেটা হবে। আমাদের মানিয়ে নিতে হবে। আমরা খুব ভালোভাবে পরস্পরকে জানি এবং দেখা যাক, কী হয়।”

সবশেষ ১২ লিগ ম্যাচে আর্সেনালকে হারিয়েছে সিটি। কিন্তু এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঝমাঠের নির্ভরযোগ্য সেনানী রদ্রিকে পাচ্ছে না তারা। এসব পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নিয়ে লড়তে হবে গুয়ার্দিওলার দলকে।

“আজ আমরা স্টাফদের সঙ্গে কথা বলব। আগামীকাল বিষয়গুলো বিশ্লেষণ করব। আগামীকাল প্রস্তুত করব (করণীয়)। বিশ্বের সেরা দুই-তিন জন হোল্ডিং মিডফিল্ডারের একজন রদ্রি। এটা স্বাভাবিক, তার দলে না থাকা বড় একটা ব্যাপার। কিন্তু অনেক বছর ধরে অনেকের অনুপস্থিতি নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়েছে। রোববার আমরা রদ্রিকে ছাড়াই খেলব।”