১৯৩৮ বিশ্বকাপ: উরুগুয়ে ও আর্জেন্টিনার বয়কট
জার্মানির হয়ে খেলতে বাধ্য হন অস্ট্রিয়ার খেলোয়াড়রা এবং হেরে যান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের চোখ রাঙানির মধ্যেই ১৯৩৮ সালে ফ্রান্সে বসে ফুটবল বিশ্বকাপের তৃতীয় আসর। ৪ থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত টুর্নামেন্টে শিরোপা ধরে রাখে ইতালি।
টানা দুটি আসর ইউরোপে আয়োজন করায় ক্ষুব্ধ হয়ে অংশ নেয়নি লাতিন আমেরিকার দুই দেশ উরুগুয়ে ও আর্জেন্টিনা। বাছাই উতরে মূল পর্বে খেলার সুযোগ পেলেও অংশ নিতে পারেনি হাঙ্গেরি।
এই আসরে সরাসরি খেলার সুযোগ পায় স্বাগতিক ফ্রান্স ও শিরোপাধারী ইতালি। ৩৭ দলের বাছাইপর্ব উতরে চূড়ান্ত আসরে জায়গা করে নেয় ১৪ দল। এর ১১টি ছিল ইউরোপের।
অন্য সব দল সরে দাঁড়ানোয় এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় ডাচ ইস্ট ইন্ডিয়া (বর্তমানে ইন্দোনেশিয়া)। গৃহ যুদ্ধের জন্য অংশ নিতে পারেনি স্পেন।
বিশ্বকাপ শুরুর তিন মাস আগে অস্ট্রিয়া দখল করে নেয় জার্মানি। সেই সময়ে অস্ট্রিয়া দল পরিচিত ছিল ‘ভন্ডাটিম’ অর্থাৎ বিস্ময়কর দল হিসেবে। ওই দশকে বেশ কয়েকবার জার্মানিকে হারিয়েছিল তারা। ১৯৩৪ আসরে তারা ছিল শক্ত প্রতিপক্ষ; সেমি-ফাইনালে তো ইতালির বিপক্ষে অস্ট্রিয়ার হারে রেফারির বিতর্কিত ভূমিকা ও ইতালির ফ্যাসিস্ট শাসক বেনিতোর প্রভাবের কথা বলেন অনেকেই।
অস্ট্রিয়ার তারকা ফরোয়ার্ড ও দেশটির ইতিহাসের সেরা খেলোয়াড় মাতোয়াস সিইন্দলকে বয়সের দোহাই দিয়ে জার্মানির হয়ে খেলেননি। তবে অনেকেই বাধ্য হন দখলদার দেশটির হয়ে বিশ্বকাপে খেলতে।
ফ্রান্সের ৯ শহরের ১০টি মাঠে হয় তৃতীয় আসরের খেলা।
আসরে অংশ নেয় যে দেশগুলো-
ইউরোপ: জার্মানি, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, রোমানিয়া, বেলজিয়াম ও পোল্যান্ড
উত্তর আমেরিকা: কিউবা
দক্ষিণ আমেরিকার: ব্রাজিল
এশিয়া: ডাচ ইস্ট ইন্ডিজ
এই আসরেও কোনো গ্রুপ পর্ব ছিল না। ১৯৩৪ আসরের মতো নকআউট ফরম্যাটের টুর্নামেন্টে শেষ ষোলো দিয়ে শুরু হয় লড়াই। এরপর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল।
শেষ ষোলো
অস্ট্রিয়া নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় শেষ ষোলোয় ওয়াকওভার পায় সুইডেন। বিশ্বকাপের ইতিহাসে এটাই একমাত্র ওয়াকওভারের ঘটনা। সুইডেন আসর শুরু করে কোয়ার্টার-ফাইনাল দিয়ে।
৫ জুন মাঠে নামে ১৪টি দল। বেলজিয়ামকে ৩-১ গোলে হারায় স্বাগতিক ফ্রান্স। ডাচ ইস্ট ইন্ডিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় হাঙ্গেরি।
অতিরিক্ত সময়ে গড়ায় তিনটি লড়াই। গোল উৎসবের ম্যাচে পোল্যান্ডকে ৬-৫ গোলে হারায় ব্রাজিল। হয় দুটি হ্যাটট্রিক। ব্রাজিলের লেওয়ানিদাস করেন তিন গোল। পোল্যান্ডের এরনেস্ত ভিলিমভস্কি প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচে করেন চার গোল।
নেদারল্যান্ডসকে ৩-০ গোলে হারায় আগের আসরের রানার্সআপ চেকোস্লোভাকিয়া। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টিকে থাকে শিরোপাধারী ইতালি।
সুইজারল্যান্ড ও জার্মানির প্রথম লড়াই ১-১ ড্র হয়। কিউবা ও রোমানিয়ার লড়াই ৩-৩ ড্র হয়।
৯ জুন ফের মাঠে গড়ায় এই দুই ম্যাচ। রিপ্লেতে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি। শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। এই হারের জন্য অস্ট্রিয়ান খেলোয়াড়দের দায়ী করেন দলটির কোচ।
রোমানিয়ার বিপক্ষে পিছিয়ে পয়েও ২-১ ব্যবধানে জিতে পরের ধাপে যায় কিউবা।
কোয়ার্টার-ফাইনাল
চারটি কোয়ার্টার-ফাইনাল মাঠে গড়ায় একই দিনে- ১২ জুন।
স্বাগতিক ফ্রান্সকে ৩-১ গোলে হারায় ইতালি। সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারায় হাঙ্গেরি।
কিউবাকে ৮-০ গোলে উড়িয়ে দেয় সুইডেন। হ্যাটট্রিক করেন হারি আন্দারসন ও গুস্তাভ ভেটটারস্ট্রুম।
ব্রাজিল ও চেকোস্লোভাকিয়ার প্রথম লড়াই ১-১ ড্র হয়। ১৪ জুন রিপ্লে ম্যাচে ২-১ গোলে জিতে এগিয়ে যায় ব্রাজিল।
সেমি-ফাইনাল
১৬ জুন হয় দুটি সেমি-ফাইনাল। একটিতে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় হাঙ্গেরি। অন্যটিতে, দারুণ লড়াই করে ইতালির বিপক্ষে ২-১ গোলে হারে ব্রাজিল।
১৭ জুন বোর্দোয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইডেনকে ৪-২ গোলে হারায় ব্রাজিল।
ফাইনাল
১৯ জুন, ১৯৩৮। প্যারিসের অলিম্পিক স্টেডিয়ামে তৃতীয় আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে উপস্থিত হয় ৪৫ হাজার দর্শক।
ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ইতালি। অষ্টম মিনিটে সমতা ফেরায় হাঙ্গেরি। তবে এরপর আরও দুটি গোল করে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় ইতালি।
দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরায় হাঙ্গেরি। তবে ৮২তম মিনিটে আরেকটি গোল করে শিরোপা ধরে রাখার উৎসবে মাতে ইতালি।
১৮ ম্যাচে গোল হয় মোট ৮৪টি। এর মধ্যে ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ব্রাজিলের লেওয়ানিদাস।
এক নজরে তৃতীয় বিশ্বকাপ
স্বাগতিক: ফ্রান্স
চ্যাম্পিয়ন: ইতালি
রানার্সআপ: হাঙ্গেরি
মোট ম্যাচ: ১৮
মোট গোল: ৮৪
গোল গড়: ৪.৬৭
সর্বোচ্চ গোলদাতা: লেওয়ানিদাস দা সিলভা (ব্রাজিল)- ৭ গোল
সেরা খেলোয়াড়: লেওয়ানিদাস দা সিলভা (ব্রাজিল) [আন অফিসিয়াল]
