Published : 18 Aug 2025, 12:11 AM
ম্যাচ জুড়ে তুলনামূলক ভালো খেলল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের দেখা পেল না তারা কিছুতেই। বরং তাদের গোলরক্ষকের ভুলে শুরুতে পাওয়া গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।
এবারের প্রিমিয়ার লিগে এই দুই দলের প্রথম ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন রিকার্দো কালাফিওরি।
বল দখল কিংবা আক্রমণে অনেকটা এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে হুবেন আমুরির দল। খুব একটা ভালো খেলতে না পারা আর্সেনালের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।
গোলরক্ষক আলতাই বায়িন্দির ভুলে ত্রয়োদশ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। প্রতিপক্ষের কর্নার হাত বাড়িয়ে ক্লিয়ারের চেষ্টায় পারেননি তিনি, তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার কালাফিওরি।
৩০তম মিনিটে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। বাঁ দিক থেকে প্যাট্রিক ডগুর নিচু শট দূরের পোস্টে বাধা পায়। আট মিনিট পুর দুরূহ কোণ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়ার শট দারুণভাবে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।
প্রিমিয়ার লিগ অভিষেকে নিষ্প্রভ আলোচিত স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশকে এক ঘণ্টার মাথায় তুলে নেন আর্সেনাল কোচ। তার বদলি নামানো হয় কাই হাভার্টজকে।
৭৩তম মিনিটে আরেকটি দারুণ সেভে স্বাগতিকদের হতাশ করেন রায়া। ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোর হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্প্যানিশ গোলরক্ষক।
বাকি সময়েও কয়েকটি সুযোগ পায় ইউনাইটেড, কিন্তু গোলের আগল খুলতে পারেনি তারা।
দিনের শুরুতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারায় নটিংহ্যাম ফরেস্ট।