Published : 18 Aug 2025, 12:10 AM
সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্সে ক্লাব বিশ্বকাপ জয়। এরপর, প্রাক-মৌসুমের দুটি প্রস্তুতি ম্যাচেও দাপুটে জয়। চেলসির এমন দ্যুতিময় পথচলা থমকে গেল নতুন মৌসুমের শুরুতে। প্রিমিয়ার লিগে অভিযান শুরুর ম্যাচে তাদেরকে রুখে দিল ক্রিস্টাল প্যালেস।
চেলসিকে রোববার তাদেরই মাঠে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে গতবারের এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস।
স্ট্যামফোর্ড ব্রিজে দিনটা চেলসির জন্য হতে পারত আরও বড় হতাশার। ম্যাচের ত্রয়োদশ মিনিটেই ২০ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে তাদের জালে বল পাঠান এবেরেচি এজে। কিন্তু এই ইংলিশ মিডফিল্ডার শট নেওয়ার সময় তার সতীর্থ ডিফেন্ডার মার্ক গেয়ি চেলসির রক্ষণ দেয়ালের এক মিটারের কাছাকাছি থাকায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।
সৌভাগ্যবশত বেঁচে যাওয়ার পর, ম্যাচে প্রায় ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রাখলেও প্রতিপক্ষের ওপর কখনোই সেভাবে ছড়ি ঘোরাতে পারেনি চেলসি। গত মাসে যুক্তরাষ্ট্রে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপ জয়ী দলটি গোলের জন্য ১৯টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে।
পজেশন রাখায় অনেক পিছিয়ে থাকলেও তুলনামূলক ভালো খেলেছে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ১২০ বছরের ক্লাব ইতিহাসে প্রথম শিরোপা জয়ের পর, গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ডও জেতা প্যালেস। গোলের জন্য ১২ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে তারা।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ৩৫ দিনের মাথায় পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু হলো চেলসির।