১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিরোপা লড়াইয়ে রিবাকিনার সামনে সাবালেঙ্কা

একের পর এক চমকের জন্ম দিয়ে সেমি-ফাইনালে ওঠা মাগদা লিনেটকে উড়িয়ে দিয়েছেন আরিনা সাবালেঙ্কা।

শিরোপা লড়াইয়ে রিবাকিনার সামনে সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা লড়াইয়ে মুখোমুখি আরিনা সাবালেঙ্কা (বাঁয়ে) ও এলেনা রিবাকিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 07:17 PM

Updated : 26 Jan 2023, 07:17 PM

বছরের শুরু থেকে যে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছেন, সেই ধারাবাহিকতায় আরেকটি দাপুটে জয় তুলে নিলেন আরিনা সাবালেঙ্কা। একের পর এক চমকের জন্ম দিয়ে সেমি-ফাইনালে ওঠা মাগদা লিনেটকে উড়িয়ে জায়গা করে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের এককে শেষ চারে ওঠা পোলিশ অবাছাই লিনেট প্রথম সেটে অবশ্য দারুণ লড়াই করেন। তবে টাইব্রেকারে ওই সেট হারের পর আর কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি তিনি। রড লেভার অ্যারেনায় ৭-৬ (৭-১), ৬-২ গেমে জেতেন সাবালেঙ্কো।

এই আসরে তো বটেই, এই বছরে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে সবকটিতে জিতেলেন বেলারুশ তারকা সাবালেঙ্কা। এর কোনো ম্যাচে একটিও সেট হারেননি ২৪ বছর বয়সী তারকা।

এর আগে তিনবার গ্র্যান্ড স্ল্যামে সেমি-ফাইনালে উঠে একবারও বৈতরণী পার হতে পারেননি সাবালেঙ্কা। অবশেষে সেই গেরো কাটিয়ে পা রাখলেন প্রথমবারের মতো মেজরের ফাইনালে।

শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ এলেনা রিবাকিনাও প্রথমবারের মতো খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। প্রথম সেমি-ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারান রিবাকিনা।

তার অবশ্য গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা আছে। গত বছর উইম্বলডন জিতে কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়েন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।