০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রিবাকিনার পর অঘটনের শিকার সাবালেঙ্কা

২০১৫ সালের পর এই প্রথম চীন ওপেনের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলো শীর্ষ দুই বাছাই।

রিবাকিনার পর অঘটনের শিকার সাবালেঙ্কা

আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 08:59 PM

Updated : 04 Oct 2026, 08:59 PM

চীন ওপেনে পরপর দুই দিনে দুটি বড় অঘটন ঘটে গেল। অবিশ্বাস্য হারে এলেনা রিবাকিনার পর, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরিনা সাবালেঙ্কা।

গত মাসে ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেন রিবাকিনা এবং একই সঙ্গে তিনি নারী এককের র‌্যাঙ্কিংয়ে তাকে হটিয়ে ওঠেন শীর্ষে। তিনিই শনিবার শেষ বত্রিশে ওঠার লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের ১১৮ নম্বর আর্মেনিয়ার আলিনা চারায়েভার বিপক্ষে হেরে যান।

আর রোববার শেষ বত্রিশের ম্যাচে আরেক বড় চমক উপহার দিলেন নিকোলা বার্তুনকোভা। ৬-৪, ৬-৩ গেমে হারালেন সাবালেঙ্কাকে।

চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে হারিয়ে ভীষণ খুশি ২০ বছর বয়সি চেক রিপাবলিকের বার্তুনকোভা।

“শান্ত থাকতে আমি নিজের খেলার দিকেই মনোযোগ রেখেছিলাম। তিনি তো একজন কিংবদন্তি, তাই তার বিপক্ষে জিততে পেরে আমি খুব খুশি।”

২০১৫ সালের পর এই প্রথম চাইনা ওপেনের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলেন শীর্ষ দুই বাছাই।