২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবিশ্বাস্য, সবাই এতবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না’

বয়স মাত্র ২৩, ক্যারিয়ারের এই পর্যায়েই এত এত সাফল্য, যেন বিশ্বাসই হচ্ছে না ভিনিসিউস জুনিয়রের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 06:55 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবার খেলতে নেমেই গড়ে দেন ব্যবধান। এক মৌসুম বাদে আবারও শিরোপার মঞ্চে নেমে ছড়ালেন আলো, পেলেন জালের দেখা, সেই সঙ্গে আবারও উঁচিয়ে ধরলেন স্বপ্নের ট্রফিটি। ক্যারিয়ারের শুরুর লগ্নেই এত এত সাফল্য, যেন বিশ্বাসই হচ্ছে না ভিনিসিউস জুনিয়রের।

কেবল এই ফাইনালই নয়, পুরো মৌসুমটাই দুর্দান্ত কেটেছে এই রেয়াল মাদ্রিদ তারকার। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ আর গত মাসে লা লিগা জয়ের পর, শনিবার রাতে সবচেয়ে বড় ট্রফির লড়াইয়ে নামে রেয়াল। 

বরুশিয়া ডর্টমুন্ডের প্রথমার্ধের দাপুটে ফুটবল সামাল দিয়ে, বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাদ্রিদের দলটি। দানি কারভাহালের গোলে এগিয়ে যাওয়ার পর ভিনিসিউসের লক্ষভেদে ২-০ ব্যবধানে জয় পায় রেয়াল। নিশ্চিত করে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৫তম শিরোপা। তাদের অর্ধেক পরিমাণ শিরোপাও জিততে পারেনি কোনো দল; দ্বিতীয় সর্বোচ্চ সাতটি জিতেছে এসি মিলান।

২০২১-২২ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার স্বাদ পান ভিনিসিউস, লিভারপুলের বিপক্ষে সেই লড়াইয়ে তার একমাত্র গোলেই চ্যাম্পিয়ন হয় রেয়াল।

অনেকের চোখে বিশ্বসেরা এই ক্লাবের অংশ হতে পেরে এবং চমৎকার সব সাফল্য অর্জন করতে পেরে যেন খুশির শেষ নেই ভিনিসিউসের।

“এই ক্লাবের হয়ে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরে আমি খুব খুশি, যেই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার।“ 

“সবার এই অভিজ্ঞতা হয় না এবং এই ট্রফি এতবার জিততে পারে না। মনে হতে পারে, এখানে এসে জেতাটা সহজ (কিন্তু তা নয়)। অনেক অনেক চোট নিয়ে আমরা মৌসুম জুড়ে অনেক ভুগেছি। এই পর্যন্ত আসতে সবাই অবিশ্বাস্যমাত্রায় কঠোর পরিশ্রম করেছে।”

সবশেষ এই জয়ের মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ইতিহাস গড়েছেন টনি ক্রুস, লুকা মদ্রিচ, কারভাহাল ও নাচো ফের্নান্দেস। আগামীতে অনেক দিন রেয়ালে থেকে তাদের সমান উচ্চতায় ওঠার স্বপ্ন দেখেন ২৩ বছর বয়সী ভিনিসিউস।

“দীর্ঘদিন ধরে আমি এখানে থাকতে পেরে খুব খুশি। আশা করি, (ক্লাব) সভাপতি আমার চুক্তি নবায়ন করতে পারবেন, কারণ আমি সারাজীবন এখানে থাকতে চাই এবং কারভাহাল, নাচো, ক্রুস ও মদ্রিচের মতো ইতিহাস গড়ে যেতে চাই।”

“তারা ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং আমাদের পথ দেখিয়েছেন। আমি তাদের মতো হতে চাই। আমি এখান থেকেই অবসর নিতে চাই, অবশ্য আমার মনে হয় ফ্লামেঙ্গোর মানুষ আমাকে সেটা করতে দেবে।” 

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকেই রেয়ালে পাড়ি জমান ভিনিসিউস। নতুন ঠিকানায় মানিয়ে নেওয়ার পর গত কয়েক বছরে দুর্দান্ত খেলে চলেছেন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৬ গোল করার পাশাপাশি লা লিগায় করেন ১৫ গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি।

ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে দলের সাফল্যে অবদান রাখায় অনেকেই এবারের ব্যালন দ’র ভিনিসিউসের হাতে দেখছেন। তিনি নিজে অবশ্য এই স্বপ্নের স্রোতে গা ভাসাতে চান না।

“ব্যালন দ’র-এর পেছনের পুরো প্রক্রিয়ার কারণে এটা জেতা খুব কঠিন। তবে প্রতিদিন আমি যাদের সঙ্গে থাকি, তাদের ওপর আমার বিশ্বাস আছে। তারা বলে, আমি সবার সেরা এবং আমিও এখন সেটা বিশ্বাস করি।”