শিয়াওতেকের হ্যাটট্রিকের অভিযানে প্রতিপক্ষ পাওলিনি
এক যুগের মধ্যে প্রথম ইতালিয়ান হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন ইয়াজমিনে পাওলিনি।
দারুণ ছন্দে এগিয়ে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানের শেষ ধাপে পৌঁছে গেছেন ইগা শিয়াওতেক। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি গুঁড়িয়ে দিয়েছেন কোকো গাউফকে। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা ইয়াজমিনে পাওলিনি।
ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে তিনবারের চ্যাম্পিয়ন শিয়াওতেক ২০২২ আসরে গাউফকে হারিয়েই শিরোপা জিতেছিলেন। বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালেও যুক্তরাষ্ট্রের এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দুর্দান্ত শুরু করেন পোলিশ তারকা। ম্যাচের প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে নিয়ন্ত্রণ নেন তিনি।
টানা তৃতীয়বারের মতো চাম্পিয়ন হওয়ার অভিযানে পুরোটা সময় দাপট ধরে রেখে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে শিয়াওতেক জেতেন ৬-২, ৬-৪ গেমে।
র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকার বিপক্ষে এই নিয়ে ১২ বার মুখোমুখি হয়ে ১১ বারই হারলেন ২০ বছর বয়সী গাউফ।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের এবারের আসরে এখন পর্যন্ত মাত্র একটি সেট হেরেছেন মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক, দ্বিতীয় রাউন্ডে নাওমি ওসাকার বিপক্ষে।
নারী এককের দ্বিতীয় সেমি-ফাইনালও হয়েছে একপেশে।
ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে ওঠার উচ্ছ্বাস থাকলেও, ফাইনালে ওঠার লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি মিরা আন্দ্রিভা। ১৭ বছর বয়সী এই রুশ খেলোয়াড়কে সরাসরি সেটে গুঁড়িয়ে দেন ইতালির পাওলিনি।
এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-১ গেমে জিতেছেন দ্বাদশ বাছাই পাওলিনি।
২০১২ সালে সারা এরানির পর প্রথম ইতালিয়ান হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন ২৮ বছর বয়সী পাওলিনি।
