২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগে বাংলাদেশময় ফেইসবুক  

ব্যাটে-বলে মাঠে লড়াই গড়াতে কয়েক ঘণ্টা বাকি থাকলেও দলের প্রতি শুভকামনা জানিয়ে রীতিমতো ফেইসবুক মাতিয়ে তুলেছেন বাংলাদেশের সমর্থকরা।

সোশাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 04:06 AM

Updated : 12 Apr 2022, 01:34 AM

প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস ব্যানার’ জুড়ে দেওয়ার এই উন্মাদনায় শামিল হয়েছেন নানা শ্রেণি-পেশার ছোট-বড় সবাই। 
 
ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হতে যাচ্ছে রোববার সন্ধ্যায়।
 
শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেইসবুক পেইজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’ থেকে ক্রিকেট দলের সমর্থনে প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস ব্যানার‌ ব্যবহারের আহ্বান জানায় বিসিবি।
 
ঘণ্টা ব্যবধানে নিজ দেশের ক্রিকেট দলের সমর্থনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বাংলাদেশি ফেইসবুক ব্যবহারকারী বিসিবি’র মনোগ্রাম সম্বলিত এই গেইম ফেইস ব্যানার দিয়ে প্রোফাইল পিকচার রাঙানো শুরু করেন।
 
ব্যানারটি ব্যবহার করার জন্য কোনো ফেইসবুক ব্যবহারকারী বিসিবির নির্ধারিত পোস্টের লিংকে ক্লিক করলে তার সর্বশেষ যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটির নিচের অংশে বিসিবি’র মনোগ্রাম এবং একপাশে বাংলায় ‘বাংলাদেশ’ লেখা দেখাবে।
 
ব্যানারটি ব্যবহারকারীর ইচ্ছানুয়ায়ী এক ঘণ্টা থেকে সাতদিন অথবা পরবর্তী প্রোফাইল পিকচার না বদলানো পর্যন্ত যাতে ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে।
 
ব্যানারটি ব্যবহারে আমন্ত্রণ জানিয়ে বিসিবি যে পোস্ট করে তার নিচে বাংলাদেশি ছাড়াও ফাইনালের প্রতিপক্ষ দেশ ভারত এবং আফগানিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকদের মন্তব্যে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাতে দেখা যায়।
 
এসব মন্তব্যে টাইগার সমর্থকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
 
রায়মা নন্দিনী নামের একটি নিক থেকে মন্তব্যে লেখা হয়: ‘‍আমরা সবসময় বিমোহিত করা টাইগার খেলোয়াড়দের সমর্থন করি। এটা কোনো বিষয় না, জয় বা পরাজয়-শুধু ভাল খেলা।

ব্যক্তিগতভাবে আমি টাইগার খেলোয়াড়দের সম্মান করি। চিন্তা করো না-আমরা জিতব। লাভ ইউ অ্যান্ড লোল।’
 
ঋষি সাক্সেনা নামের এক নিক থেকে প্রথমবারের মতো বাংলাদেশ রোববারে ফাইনালে এশিয়া কাপ জিতবে বলে শুভকামনা করতে দেখা যায়।