মুক্তবুদ্ধির লড়াই চলবে: টুটুল
মুক্তবুদ্ধির লড়াইয়ে অবিচল থাকার প্রত্যয় জানিয়ে পুরো বাংলাদেশকে নিজের পাশে চেয়েছেন প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, দুর্বৃত্তের হামলায় যিনি এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের বিছানায় শুয়ে শুক্রবার সকালে কী-বোর্ডে নিজের আঙুল রাখার অনুভূতিকে বন্ধুর সঙ্গে হাত মেলানোর আনন্দের সঙ্গে তুলনা করেছেন তিনি।
গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে টুটুল এবং তার সঙ্গে থাকা ব্লগার তারেক রহিম ও রণদীপম বসুকে কুপিয়ে জখম করে তিন হামলাকারী।
তারা প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেননি জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন। লালমাটিয়ার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগে জাগৃতির কার্যালয়ে দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
জখম হওয়ার পর থেকে টুটুল, রহিম ও রণদীপম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সকাল ৮টা ৩১ মিনিটে ফেইসবুকে টুটুল লেখেন, “শুভসকাল বাংলাদেশ। শুভসকাল মহাপৃথিবী।
“আবারো আঙ্গুল ছোঁয়া পেলো কী-বোর্ডের। এ যেন ঠিক বন্ধুদের সঙ্গে হ্যান্ডশেক করার আনন্দ।”
এই হত্যাচেষ্টার পরও মুক্তবুদ্ধির লড়াইয়ে অবিচল থাকার প্রত্যয় জানিয়ে টুটুল লিখেছেন, “বুদ্ধির মুক্তির লড়াইয়ে, মুক্ত বুদ্ধির লড়াইয়ে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। সঙ্গে থেকো বাংলাদেশ।”
নিজের ভুবনে ফিরে আসায় টুটুলকে স্বাগত জানিয়ে, তার দ্রুত আরোগ্য কামনা করে ওই পোস্টে মন্তব্য লিখেছেন প্রকাশকের ফেইসবুক বন্ধুরা।
গত ফেব্রুয়ারিতে একইভাবে খুন হওয়া লেখক অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা আহমেদ লিখেছেন, “শুভসকাল টুটুল, সংহতি এবং শুভকামনা। সাথে আছি, থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত।”
একুশের বইমেলা থেকে স্বামীর সঙ্গে ফেরার পথে টিএসসির কাছে ওই হামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্যা নিজেও আহত হন। চাপাতির আঘাতে কাটা পড়ে তার এক হাতের আঙুল।
টুটুলকে তিনি লিখেছেন, “রুনার সাথে কথা হচ্ছে। ওরা এমনিও মারবে, তেমনিও মারবে চোরের মত, দুর্বলতা ওদের অস্ত্র, আমাদের নয়!!!”
টুটুলের পোস্টে এক মন্তব্যে অঞ্জন কর লিখেছেন, “ভাইয়া আপনার স্ট্যাটাস দেখে ভালো লাগছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।”
মুজিব রহমান লিখেছেন, “শুভ কামনা থাকলো। সুস্থ হয়ে ফিরে আসুন আপন ভূবনে। আপনার দৃঢ়তা আমাদের সাহস দিচ্ছে।”
কল্লোল লাহিড়ী নামের একজনের মন্তব্য, “শুভেচ্ছা রইলো...তার সাথে দ্রুত আরোগ্যের...। অনেক দূরে আছি। তবুও পাশে আছি, মননে... চিন্তায়...শুভবুদ্ধিতে।
সাংবাদিক পুলক ঘটক লিখেছেন, “হাই টুটুল ভাই! অভিনন্দন! সুস্বাগতম! আপনাকে দেখে সকালটা আমার আনন্দে ভরে গেল। মৃত্যুকে তুচ্ছ করে এভাবেই এগিয়ে যাব আমরা।”
হামলায় আহত হওয়ার আগে ফেইসবুকে টুটুলের শেষ স্ট্যাটাস ছিল ৩০ অক্টোবর। ছয়দিন পর বৃহস্পতিবার রাতে তিনি আবার ফেইসবুকে ফেরেন।
রাত ১১টা ১ মিনিটে টুটুলের ফেইসবুকে ‘হাসপাতাল সিরিজ: ২’ শিরোনামে একটি কবিতা তোলা হয়। সেখানে তিনি লিখেছেন-
সমবেত ঘাসফুল
মন খারাপ করা হেমন্ত সন্ধ্যার শিশির,
আজ বইমেলার পরিবর্তে
শব্দ বাক্য অক্ষরের পরিবর্তে
আমরা আমাদের কেটে ফেলা আঙ্গুল
দুভাগ হওয়া মাথার খুলি, চোয়াল
রাজিব অভিজিৎ অনন্ত নীল
মেঝেতে শুকিয়ে থাকা দীপনের রক্ত আজ
আপনাদের চক্ষু, অন্তর্চক্ষুর সমীপে
আপনাদের বেদনার মর্মমূলে
হেমন্তের বইমেলার পরিবর্তে
এই উদ্বোধনের মঞ্চে
এই শূন্য মাইক্রোফোনের সামনে
পাবলিক লাইব্রেরির দেয়ালে দেয়ালে
পাতার মর্মরে
রাজপথে শাহবাগে
দেখুন, দয়া করে আপনারা শুধু দেখুন
