ধর্মীয় বিদ্বেষের শিকার ক্রিকেটার লিটন
শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে হিন্দুদের দেবী দূর্গার ছবি সম্বলিত স্ট্যাটাস দিয়ে ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য লিটন কুমার দাস।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এই উইকেট কিপার।
প্রথমেই আক্রমণ আসে ‘মো. মিথুন’ নামে একটি ফেইসবুক আইডি থেকে। মন্তব্যে তার ধর্মবিশ্বাস নিয়ে কটাক্ষ করা হয়।
‘একজন অসহায় মুসাফির’ নামে আইডি থেকে মন্তব্যে বলা হয়: “ইসলামে মূর্তিপূজা হারাম। যেহেতু আপনি বাংলাদেশে থাকেন এবং এদেশের অধিকাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী। অতএব আপনি এ ফটোটা (দেবী দুর্গার মূর্তি) রিমুভ করুন।”
বিরূপ মন্তব্যের সমালোচনা করে মঙ্গলবার সকালে আরেকটি স্ট্যাটাস দেন লিটন।
স্ট্যাটাসে তিনি লেখেন “দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বাংলাদেশে জনসংখ্যা প্রায় ১৭ কোটি হলেও মনুষ্যত্ব ১৭ হাজার মানুষেরও নাই। আমি সেই সব মানুষদের বলছি যাদের সকালে ঘুম থেকে ওঠার উদ্দেশ্য থাকে মানুষকে বাজে মন্তব্য করা।”
“গতকালের একটি পোস্ট ছিল যেখানে সকলকে পূজার শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু আপনাদের কিছু কিছু মন্তব্য সত্যি অনেক বেদনাদায়ক। আমার সব থেকে বড় পরিচয় আমি একজন বাংলাদেশি, এখানে ধর্ম আমাদের বিভেদ করতে পারে না।
“যারা এখনও এসব বিষয়ে বাড়াবাড়ি করেন আমি তাদের বলছি, দয়া করে আমার কোন পোস্টে মন্তব্য করবেন না।”
মঙ্গলবার রাতে পোস্ট দুটি লিটন সরিয়ে ফেললেও ভক্তদের পাশেই পেয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার।
মন্তব্যের সমালোচনায় ‘সাইদুর আহমেদ’ নামে একজন পাল্টা মন্তব্যে লেখেন, “ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কোনো মুসলিম এর কাম্য হতে পারে না। কারণ ইসলাম ধর্মে এটা নিষেধ করা আছে। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না।”
গৌড় মণ্ডল নামে একজন লেখেন, “কিছু মানুষ আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর এরা খারাপ কমেন্ট করবেই। এদের রক্তে সমস্যা আছে। এদের কথায় মন খারাপ করলে চলবে না, এদের কথায় মনযোগ নষ্ট করা চলবে না।”
কেউ কেউ বিরূপ মন্তব্যকারীদের বিরুদ্ধে মামলা করারও পরামর্শ দিয়েছেন লিটনকে।
