ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের সময় বাড়তে নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে অনুরোধ করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যংকার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মার্চেন্ট ব্যংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ৪ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক বিজ্ঞপ্তিতে মার্চেন্ট ব্যাংকগুলোকে ৩০ ডিসেম্বরের মধ্যে সমস্ত অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের নির্দেশ দেয়।
অমনিবাস হিসাবের মাধ্যমে অনিয়মের অভিযোগ উঠে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসইসির সঙ্গে সকালে বৈঠকের পর নিজস্ব কার্যালয়ে মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের বলেন, “আমরা আজ সকালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে মার্চেন্ট ব্যংকের পক্ষ থেকে বৈঠক করে বলেছি অমনিবাস অ্যাকইন্টকে বিও অ্যাকউন্টে স্থানান্তর করতে ৬ মাসের মতো সময় লাগতে পারে। এসএসই আমাদের আশ্বাস দিয়েছে এ ব্যাপারে যথাযথভাবে নির্দেশনা দেয়া হবে।”
এসইসির মুখপাত্র সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, সকালে বাংলাদেশ মার্চেন্ট ব্যংকার্স অ্যসোসিয়েশনের নেতারা এসইসিতে এসে সময় বাড়ানোর আবেদন করেছেন।
অমনিবাস হিসাবের সিকিউরিটিজ বিনা ফি-তে বিও হিসাবে নেয়ার জন্য সিডিবিএল ব্যবস্থা নেবে বলে জানিয়েছিল এসইসি।
পুঁজিবাজারে ২০১০ এর ধসের পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটির তদন্তে অমনিবাসের মাধ্যমে কারসাজির বিষয়টি উঠে আসে।
সেই কমিটির বিভিন্ন সুপারিশ অনুযায়ী এসইসি অমনিবাস হিসাবের মাধ্যমে অনিয়মের বিষয়ে অধিকতর তদন্ত করে।
এরপর গত ১৯ সেপ্টেম্বর অমনিবাস হিসাবের মাধ্যমে অনিয়মের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় এসইসি।
এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংক ও সিডিবিএলের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করে এসইসি।
ওই সব বৈঠকে আলোচনার পর অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমএমআর/এসইউ/১৫২০ ঘ.
bdnews24