ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ সূচক ও লেনদেনে সামান্য উন্নতির মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। তবে এরপর বেশ খানিকটা পড়ে গেলেও দিনশেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৪৩১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেশি।
সারাদিনে হাতবদল হয় ৮৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৯৫টির, কমে ৪৯টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
এর আগে বুধবার ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্ট হয়। হাতবদল হয় প্রায় ৮৭০ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার ডিএসই সূচক ৫৬ পয়েন্ট বাড়ে এবং হাতবদল হয় ৯৩৯ কোটি টাকার শেয়ার, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
সোমবার ডিএসই সূচক ২৭ পয়েন্ট কমলেও সপ্তাহের প্রথম দিন রোববার সূচক বাড়ে ৬০ পয়েন্ট।
গত সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম তিন দিন সূচক উঠলেও শেষ দুদিনের পতনে মোট ১২২ পয়েন্ট হারায় ডিএসইর সাধারণ সূচক। লেনদেন হয় প্রায় ২ হাজার ৯৭১ কোটি টাকার শেয়ার।
অবশ্য গত দুই সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৪৪৯ ঘ.
bdnews24