ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম অযৌক্তিকভাবে বাড়ছে বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষকরা।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন হওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও আইটি খাতের সবকটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৭০টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমেছে ১৭১টির, বেড়েছে মাত্র ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২১টির। তবে ডিএসইতে তালিকাভুক্ত আইটি খাতের মোট ছয়টি কোম্পানির শেয়ারেরই দাম বেড়েছে।
সোমবার ডিএসইর সাধারণ সূচক দশমিক ৬৩ শতাংশ কমলেও আইটি খাতের সবকটি কোস্পানির শেয়ারের দাম ৯ শতাংশের বেশি বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, কোম্পানিগুলোর মধ্যে সোমবার আমরা টেকনোলজি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৯ দশমিক ৭১ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ৯ দশমিক ৫৭ শতাংশ, ইনটেক অনলাইনের ৯ দশমিক ৬০ শতাংশ, ড্যাফোডিলের ৯ দশমিক ৫৮ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের শেয়ারের দাম ৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।
গত একমাসেও বাজারে তালিকাভুক্ত অন্য কোম্পানিগুলোর চেয়ে আইটি খাতের কোম্পানিগুলোর শেয়ার তুলনামূলক বেড়েছে। এসময়ে আমরা টেকনোলজির শেয়ারের দাম প্রায় ৭৭ শতাংশ, অগ্নি সিস্টেমসের শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ, ইনটেক অনলাইনের শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ, ড্যাফোডিলের শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ ও ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের শেয়ার প্রায় ১২ শতাংশ বেড়েছে।
কিন্তু বাজারের নি¤œমুখী প্রবণতার সময়ে কিছু কোম্পানির দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
ব্রোকারেজ হাউজ শার্প সিকিউিরিটিজের সিইও সৈয়দ গোলাম ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইটি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার মতো নতুন কোনো ঘটনা ঘটেনি। সরকারি অথবা বেসরকারি কোনো দিক থেকেই ভালো কোনো খবর নেই।”
আইটি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই উল্লেখ করে পুঁজিবাজার বিশ্লেষক ও এইমসের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগুলোর মধ্যে একটি কোম্পানির একটি ভালো খবর আছে। কিন্তু অন্য কোম্পানিগুলোর সেরকম কোনো ভালো খবর নেই যার জন্য সেগুলোর শেয়ারের দাম বাড়তে পারে।”
বাজারের এই প্রবণতা নিয়ে সংশয় প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কিছুদিনের লেনদেনের একটি বড় অংশ ৮-১০টি কোম্পানির শেয়ারের মধ্যে সীমাবদ্ধ এবং এগুলোর বেশির ভাগই আইপিও (পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত) শেয়ার।
তিনি বলেন, “লেনদেনের এ আচরণ কারসাজিমূলক বলে মনে হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এমআই/২১৫৭ ঘ.
bdnews24