২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাতিষ্ঠানিক বিনিয়োগে বাড়ছে লেনদেন’

তবে কেবল নির্দিষ্ট কিছু শেয়ারের লেনদেন বাড়ায় বাজারের এই ‘চাঙাভাব’ নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন কেউ কেউ। ফারহান ফেরদৌসের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 03:33 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ফারহান ফেরদৌস পুঁজিবাজার প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কিছু দিনে পুঁজিবাজারে লেনদেন বাড়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিকেই কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অনেকে। তবে নির্দিষ্ট কিছু শেয়ারের লেনদেন বাড়ায় এই বিষয়টি নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন কেউ কেউ। গত ১৩ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে প্রায় ১৬০ পয়েন্ট। এই সময়ে লেনদেন হয়েছে প্রায় ৫ হাজার ৮৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের ১৯ দিনের চেয়েও ২ হাজার ৭১ কোটি টাকা বা ৫৫ শতাংশ বেশি। রোববার ডিএসইতে হাতবদল হয় প্রায় ৫৪১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ নিয়ে গত ছয় দিনই লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকার বেশি। ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“বড় বিনিয়োগকারীরা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসতে শুরু করেছে, তাই গত কিছু দিনে সূচক-লেনদেন বেড়েছে।” আর বাজারে বড় বিনিয়োগকারীদের ফেরার কারণ হিসেবে শেয়ারের দামের কথা বলেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ হাফিজ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক কমে গেছে, এ জন্যই বিনিয়োগকারীরা বাজারে আসছে।” আগেও কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক কম ছিল, কিন্তু তখন কেন বিনিয়োগ আসেনি- এমন প্রশ্নের জবাবে এই ব্যাংকার নেতা বলেন, “তারল্য সঙ্কট আগের থেকে কমেছে, বিনিয়োগকারীদের আস্থা আগের চেয়ে বেড়েছে।” তারল্য সঙ্কট কমার কারণ হিসেবে কলমানি রেট কমা এবং ব্যাংকগুলোর সুদের হার কমার কথাও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, এ বছরের জানুয়ারিতে কলমানি রেট ছিল ১৯ দশমিক ৬৬ শতাংশ, যা গত ৭ অগাস্ট ১০ দশমিক ৯১ শতাংশে নেমে আসে। ওই সময় থেকেই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধির ঊর্ধ্বগতি দেখা যায়। অবশ্য বাজারের এই প্রবণতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত কিছুদিন যে লেনদেন হয়েছে, এর একটি বড় অংশ ৮-১০টি কোম্পানির শেয়ারের মধ্যে সীমাবদ্ধ এবং এর বেশির ভাগই আইপিও শেয়ার। “লেনদেনের এ আচরণ কারসাজিমূলক বলে মনে হয়,” বলেন তিনি। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এ দিকে নজরে রাখা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, “না হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/জেকে/০৯২০ ঘ.