ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ইন্টারনেট ও ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম।
এ লক্ষ্যে বৃহস্পতিবার ইস্যু ব্যবস্থাপনা কোম্পানি সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের সঙ্গে একটি চুক্তি করেছে কোম্পানিটি।
গুলশানের সিটি সেন্টারে ওই চুক্তিতে সই করেন এডিএন টেলিকমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন।
চুক্তি সাক্ষর শেষে আসিফ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোম্পানিকে পাবলিক লিমিটেড করার মাধ্যমে আমরা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে চাচ্ছি। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার বহুমুখীকরণ হবে।”
এডিএন টেলিকম সিমবিহীন পদ্ধতিতে নানান শ্রেণীর গ্রাহককে ডাটা সংযোগ ও ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এ ধরনের সেবার ক্ষেত্রে এটি দেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।
এডিএন টেলিকম সিঙ্গাপুরভিত্তিক সিংটেল ও ভারতের টাটা কমিউনিকেশনসের স্থানীয় সহযোগী হিসেবে কাজ করছে।
দেশের প্রধান ব্যাংক, বহুজাতিক কোম্পানি ও করপোরেট হাউজগুলোকে চাহিদামত ইন্টারনেট সেবা এবং ডাটা ও উপগ্রহভিত্তিক সেবা দিয়ে থাকে।
এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এডিএন দেশের অন্যতম টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান। তাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য কাজ করতে পেরে আমরা আনন্দিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24