২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ভারে সমস্যা: পুঁজিবাজারে লেনদেন বন্ধ

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে সমস্যার কারণে দেশের পুঁজিবাজারে মঙ্গলবারের লেনদেন বন্ধ থাকবে। সার্ভার জটিলতার কারণে সোমবারের লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে সমস্যার কারণে দেশের পুঁজিবাজারে মঙ্গলবারের লেনদেন বন্ধ থাকবে। সার্ভার জটিলতার কারণে সোমবারের লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পরিচালনা পর্ষদের সভায় মঙ্গলবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন সাংবাদিকদের বলেন, “সিডিবিএলের সার্ভারে কারিগরি সমস্যার কারণে সোমবারের বিক্রয় করা শেয়ার ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমা করা সম্ভব হয়নি। আর এ কারণে সিডিবিএলের পক্ষ থেকে আজকের লেনদেন বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে।” এরই পরিপ্রেক্ষিতে সকালে ডিএসইর বোর্ড সভায় লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, “সোমবারের ডিএসই লেনদেন সেটেলমেন্ট হয়নি, সিডিবিএল -এর সার্ভার সমস্যা দেখা দেওয়ায় লেনদেন বন্ধ থাকবে।” চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান জানান, সকালে সিএসই পরিচালনা পর্ষদের সভাতেও মঙ্গলবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সমস্যা সমাধানের চেষ্টা চললেও মধ্যরাত পর্যন্ত লেনদেন নিষ্পত্তি হয়নি বলে একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা জানিয়েছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী জানান, “সিডিবিএলের সফটওয়্যারে সমস্যার কারণে সোমবারের লেনদেন নিষ্পত্তি হয়নি। সিডিবিএলের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সমস্যা সমাধান হলে লেনদেন নিষ্পত্তি করা হবে।” সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ সোমবার রাতে বলেন, “সমস্যা সমাধানে সিঙ্গাপুর ও মুম্বাইয়ের কারিগরি সহায়তা নিয়ে সিডিবিএলের কারিগরি দল কাজ করে যাচ্ছে।” কারিগরি সমস্যার বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) জানানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১০৫৭ ঘ.