২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতনে সূচক ৪ হাজার পয়েন্টের নিচে

সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় ১৫৬ পয়েন্ট কমে চার হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 05:16 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন দরপতনে সাধারণ সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। প্রতিবাদে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৬ শতাংশ বা প্রায় ১৫৬ পয়েন্ট কমে প্রায় ৩ হাজার ৯৮৯ পয়েন্ট হয়। এর আগে চার হাজার পয়েন্টের নিচে সূচক ছিল গত ৮ ফেব্র“য়ারি। মঙ্গলবার হাতবদল হয় প্রায় ১৮৫ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৬৭ টি কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৩টির দাম কমে। দাম বাড়ে ১৩টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম। দরপতনের প্রতিবাদে বেলা সাড়ে ১২টা থেকে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। তারা মিছিল করে শাপলা চত্বর পর্যন্ত গিয়ে আবার ডিএসই ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। দরপতন ঠেকাতে লেনদেনের সার্ভার বন্ধ রাখার দাবি জানান তারা। সোমবারও দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১২৮ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ১৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১১৫ কোটি টাকার শেয়ার যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে এর আগে এর চেয়ে কম ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর। গত সপ্তাহের চার কর্মদিবসে ডিএসই সাধারণ সূচক ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট কমে। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৬ দশমিক ৩৪ শতাংশ বা ২৭২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লি. ও এসআইবিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ৫টি কোম্পানি হলো, রিলায়েন্স ১ম ইন্সুরেন্স, এফবিএফআইএফ, এনটিসি, আইসিবি ১ম এনআরবি ও বিএটিবিসি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, প্রগ্রোসিফ লাইফ ইন্সুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, ঢাকা ডায়িং, দুলামিয়া কটন, সিঙ্গার বিডি, বিডি ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং ও কর্ণফুলি ইন্সুরেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫০১ ঘ.