ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েকদিনের মতো সোমবারও দর ও সূচক পতনে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। বেলা ১১টায় সূচক কমে ৪ হাজার ৪১৮ পয়েন্ট এবং সাড়ে ১১টায় তা আরো কমে ৪ হাজার ৩৮১ পয়েন্ট হয়।
বেলা সাড়ে ১২টায় সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৩৯৮ পয়েন্ট হয়। এরপর ওঠানামার মধ্য দিয়ে বেলা আড়াইটায় সূচক পৌঁছায় ৪ হাজার ৪১৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট কম।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম। সারা দিনে হাতবদল হয়েছে মাত্র ১৬৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়েও ৫ কোটি টাকা কম।
এদিকে দর ও সূচক পতনের কারণে আগের দিনের মতো সোমবারও বেলা ১টার দিকে ডিএসইর সামনের সড়কে বিক্ষোভ শুরু করেছে বিনিয়োগকারীরা। বৃষ্টির মধ্যেও তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গভর্নর আতিউর রহমান ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের পদত্যাগের দাবিতে শ্লোগন দেন।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভের কারণে বেলা ২টার দিকে ডিএসইর সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর তারা সেখান থেকে সরে গিয়ে এসইসির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
সপ্তাহের প্রথম দিন রোববারও এ বাজারে লেনদেন শেষ হয় দর ও সূচক পতনের মধ্য দিয়ে। দিন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়ায়।
রোববার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে মাত্র ২২টির, কমে ২২৮টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম। সারা দিনে হাতবদল হয় ১৬৮ কোটি টাকার শেয়ার, যা বৃহস্পতিবারের চেয়ে প্রায় ১৮ কোটি টাকা কম।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও ডিএসই সূচক প্রায় ৬০ পয়েন্ট কমেছিল। সব মিলিয়ে ডিএসইতে গত সপ্তাহে সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট পড়ে যায়।
টানা দরপতনে কারণে রোববার দুপুরে ডিএসইর সামনে বিক্ষোভ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাঈম বলেন, “বিগত দিনগুলোতে অর্থমন্ত্রী পুঁজিবাজার সম্পর্কে অনাকাক্সিক্ষত মন্তব্য করেছেন। এতে বাজার পড়ে গেছে। এবারও তিনি পরপর দুইবার এ ধরনের মন্তÍব্য করায় বাজার পড়ছে।”
গত ১১ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় শেয়ার বাজারকে ‘দুষ্টু বাজার’ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, “পুরো বাজারটাই দুষ্ট, অনেকে এ বাজারে নিঃস্ব হয়ে গেছে, তবুও বাজার ছাড়ছে না। কিছু লোক দুষ্ট নয়, সবাই দুষ্ট।”
এ প্রসঙ্গ টেনে আতাউল্লাহ নাঈম বলেন, “একটি দেশের অর্থমন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে পারেন না। এটা বাজারের জন্য ক্ষতিকর।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৫১০ ঘ.
bdnews24