ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন সূচকের ওঠানামার মধ্যে কমেছে লেনদেন, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সূচকের ওঠানামা চলে। এর পর থেকে সূচক কমতে থাকে। বেলা সাড়ে ১২টার দিক থেকে আবার সূচক ওপরে উঠতে থাকে। দিন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয়েছে ১২৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে গত ১১ মার্চ।
লেনদেন হওয়া ২৫৮ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি করে।
সোমবার সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, “শেয়ার বাজার সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখি না। এই শেয়ারবাজার দুষ্টু শেয়ার বাজার।”
তবে অর্থমন্ত্রী হিসেবে পুঁজিবাজার নিয়ে মাথা না ঘামালেও তার কোনো প্রভাব বাজারে পড়বে না বলে মনে করেন মুহিত।
তিনি বলেন, “অনেকে বলেন, আমি কথা বললে বাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আমি যদি পুঁজিবাজার নিয়ে চিন্তা নাও করি, তাহলেও অর্থনীতির ওপর তার ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না।”
সোমবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। সপ্তাহের শুরুর দিন রোববার সাধারণ সূচক কমে প্রায় ৪৪ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৩৫ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বাড়ে। গড় দৈনিক লেনদেন বেড়ে দাঁড়ায় ২৮১ কোটি টাকায়, যার পরিমাণ তার আগের সপ্তাহে ছিল ১৯৩ কোটি টাকা।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, এক্সিম ব্যাংক, গ্রামীণফোন, যমুনা অয়েল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আফতাব অটোমোবাইলস্, ন্যাশনাল ব্যাংক, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা ও ইউসিবিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, হাক্কানি পাল্প, এনটিসি, মুন্নু স্টাফলার, ন্যাশনাল লাইফ ইন্সু, ডেল্টা স্পিনার্স, আইসিবি ৩য় এনআরবি, এক্সিম ব্যাংক, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও আইসিবি।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, পদ্মা অয়েল, সন্ধানী ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্সুরেন্স, শমরিতা হাসপাতাল, ইমাম বাটন, ৮ম আইসিবি, ৪র্থ আইসিবি, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, ১ম বিএসআরএস ও এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৪ ঘ.
bdnews24