ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বললেও বাজারের স্বার্থে সংকোচনমূলক মুদ্রানীতি পরিহারের আহ্বান জানিয়েছেন ডিএসই সভাপতি রকিবুর রহমান।
শনিবার প্রস্তাবিত বাজেটের সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্মকর্তারা।
রকিবুর রহমান বলেন, “বাজেটে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে এরফলে পুঁজিবাজার শক্তিশালী হবে এবং দেশের শিল্পোন্নয়নের গতি তরান্বিত হবে।”
তবে বাজারের স্বার্থে সংকোচনমূলক মুদ্রানীতি পরিহার করে বিভিন্ন খাতের উন্নয়নে পুঁজিবাজার থেকে সরকারকে অর্থ সংগ্রহের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মার্চেন্ট ব্যাংকগুলোর করের হার ৫ শতাংশ কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ করা এবং লভ্যাংশ আয় ৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া কোনো কোম্পানি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে হস্তান্তর করলে সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়করের ওপর ১০ শতাংশ হারে কর রেয়াত পাবে।
এর বাইরে বাজেটের ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ২৩ হাজার কোটি টাকা নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে সরকারকে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন রকিবুর।
তিনি বলেন, “বাংলাদেশ সরকার যে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড নামে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা করেছে তা পুঁজিবাজার থেকে সংগ্রহ করার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি।”
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপনের প্রয়োজনীয় অর্থের একটি অংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করার আহ্বান জানিয়ে ডিএসই সভাপতি বলেন, “এমনটি করা হলে দেশের পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীরা উপকৃত হবে বলে আমি মনে করি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী বলেন, “বাজেটের আকার মোটেও বড় নয়। এটা আরো বড় হতে পারতো। আমরা ৫ শতাংশ (জিডিপির) ঘাটতিকেও বড় হিসেবে দেখছি না।”
তবে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
এদিকে ঘোষিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বলে মনে করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই)।
ডিএসইর পর এক সংবাদ সম্মেলনে সিএসই সভাপতি আল মারুফ খান বলেন, “এটি ইতিবাচক একটা বাজেট। পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো কিছু বাজেটে দেখছি না।”
তবে ব্রোকারদের কমিশনের ওপর উৎসে কর কমানোর জন্য পুনরায় প্রস্তাব করেন আল মারুফ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এএল/১৮২২ ঘ.
bdnews24