ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন লঙ্ঘন করে বিনিয়োগকারীকে সুবিধা দেওয়ায় একটি ব্রোকারেজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- এসইসি।
এছাড়া আর্থিক বিবরণী জমা না দেওয়ায় একটি কোম্পানিকে ও দু’টি কোম্পানির পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একজন বিনিয়োগকারীকে বেআইনি সুবিধা দেওয়ায় এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৩০ জুন নির্ধারিত সময়সীমার মধ্যে ২০১১ সালের আর্থিক বিবরণী জমা না দেওয়ায় ইস্টার্ন ক্যাবল লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করে এসইসি।
একই কারণে ম্যাক এন্টারপ্রাইজ লিমিটেড ও মেটালেক্স করপোরেশন লিমিটেডের প্রত্যেক পরিচালককেও এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এএল/২১৩২ ঘ.
bdnews24