২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এসইসির আদেশ থাকলে তিন তাসের খেলা হবে না’

উদ্যোক্তা, পরিচালকদের হাতে ৩০ শতাংশ শেয়ার থাকলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিয়ে কেউ তিন তাসের খেলা খেলবে না, বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তা, পরিচালকদের হাতে ৩০ শতাংশ শেয়ার থাকলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিয়ে কেউ তিন তাসের খেলা খেলবে না, বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা এসইসি’র জারি করা আদেশের বিরুদ্ধে পরিচালকদের করা আবেদনের ওপর বুধবারের শুনানির পর সরকারের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের একথা বলেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষে আদালতে লড়ছেন অ্যাটর্নি জেনারেল। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর এক আদেশ জারি করে এসইসি। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালককে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ২১ মের মধ্যে এ শর্ত পূরণ করতে হবে। এ আদেশ চ্যালেঞ্জ করে চারটি আবেদন করেন চার কোম্পানির ১৪ জন উদ্যোক্তা, পরিচালক ও একজন পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তি। বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি হাসান আরিফের হাই কোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি শুরু হয়। এসইসির আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আমার বিশ্বাস, এই আইনটি যদি বহাল থাকে তাহলে পুঁজিবাজারকে কেউ অস্থিতিশীল করতে পারবে না।” আবেদনকারীদের পক্ষে প্রথমে এনসিসি ব্যাংকের পরিচালক হতে চাওয়া শেখ আব্দুল মোমেন এর পক্ষে শুনানিতে বক্তব্য তুলে ধরেন তার আইনজীবী ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। এরপর যুক্তিতর্ক তুলে ধরেন পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালক আবুল বাশারের আইনজীবি এম জহির। এছাড়া ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও ফিনিক্স ইন্সুরেন্সের পরিচালকদের পক্ষের আইনজীবি ব্যারিস্টার রফিক-উল হক শুনানীর সময় উপস্থিত ছিলেন। শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “ফিদা এম কামাল বলেছেন, এসইসির আইনের ২এ, ২বি ও ২সিতে কোনো পরিচালকের কোনো রেফারেন্স নেই। সুতরাং ২সিসিতে পরিচালকদের কোয়ালিফিকেশরে বিষয়ে বলাটা অবৈধ।” “আর ড. জহির বলেছেন, ২সিসিতে কোনো আদেশ দেওয়া যায় না। বিধান আছে ২এসির। বিনিয়োগকারীর স্বার্থরক্ষা করার জন্য বিধান আছে ১৭ ধারায়। ২সিসি ব্যাবহারের কোনো প্রয়োজনীয়তা নেই।” অ্যাটর্নি জেনারেল বলেন, “রুলের জবাব আমরা আগেই দিয়ে দিয়েছি। এছাড়া আদালতে দেওয়ার জন্য বক্তব্য প্রস্তুত করে রেখেছি।” এসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বিনিয়োগকারীদের পক্ষে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার তানিয়া আমীর, ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/ডিডি/২১৩০ ঘ.