২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ সম্পর্কিত এসইসির প্রজ্ঞাপন নিয়ে কয়েকজন পরিচালকের দায়ের করা রিটের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ সম্পর্কিত এসইসির প্রজ্ঞাপন নিয়ে কয়েকজন পরিচালকের দায়ের করা রিটের প্রতিবাদে হাইকোর্টের সামনে বিক্ষোভ করছে কিছু বিনিয়োগকারী। এসইসির প্রজ্ঞাপন নিয়ে দায়ের করা রিটগুলোর বুধবার দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে। সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে প্রায় ৪০ জন বিনিয়োগকারী হাই কোর্ট মাজার সংলগ্ন ফটকের সামনে বেলা সোয়া ১২টার দিকে অবস্থান নেয়। এ সময় তারা ‘পুজিবাজারে চক্রান্তকারী কোম্পানির পরিচালকদের ফাঁসি চাই’ লেখা ব্যানার প্রদর্শন করে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এসইসিকে কার্যকর ও শাক্তিশালী করার দাবি জানায় তারা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী বলেন, “আমরা আশা করি, আদালত এমন কোনো রায় দেবে না যা জনস্বার্থের বিপক্ষে যাবে।” ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক হতে আবেদন করা শেখ আব্দুল মোমিনের আইনজীবী ফিদা এম কামাল সোমবার তা শুনানির জন্য উপস্থাপন করলে আদালত আগামী বুধবার শুনানির দিন ধার্য করে। ওই রিটের শুনানি শেষে আদালত একটি রুল জারি করে চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলে। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১১ পরিচালকের দায়ের করা রিটে বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক উল হক তাদের রিটের শুনানিও বুধবার করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং আলাদাভাবে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ৬ মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যা শেষ হবে ২১ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৩৩৯ ঘ.