ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনে সাধারণ সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেন শুরুর পর থেকেই সাধারণ সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক ৩ দশমিক ৩২ শতাংশ বা প্রায় ১৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯০১ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৫টির দামই কমেছে। বেড়েছে ১৩টির এবং অপরিবর্তিত আছে ৮টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৩৮৩ কোটি টাকার শেয়ার।
দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দুপুর পৌনে দুইটার দিকে বিক্ষোভ করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে এসইসির প্রজ্ঞাপনের স্থগিতাদেশ চেয়ে রিট আবেদনের প্রতিবাদ করেন।
ডিএসইতে মঙ্গলবার লেনদেনে শেষে সাধারণ সূচক কমে ৯৮ দশমিক ৬২ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে যোগ হয়েছিল প্রায় ৮ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৪৫৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৭৬১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লঙ্কাবাংলা ফিনান্স, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বেক্সিমকো লি., স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, জিপিএস ইস্পাত ও আফতাব অটো।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, এনটিসি, এসিআই ফর্মুলেশন, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, এফবিএফআইএফ, বিএটিবিসি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুরেন্স, আইবিবিএলপি বন্ড ও এসিআই জিরো কুপন বন্ড।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, এফএএস ফিনান্স, বিএসসি, কর্ণফুলি ইন্সুরেন্স, বিডি অটোকারস, লঙ্কাবাংলা ফিনান্স, ইনটেক অনলাইন, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, পদ্মা লাইফ ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স ও নাভানা সিএনজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৩৫ ঘ.
bdnews24