ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারের সবচেয়ে বড় বাজার মূলধনের কোম্পানি গ্রামীণফোনের মুনাফা বেড়েছে প্রায় ৮১ শতাংশ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) গ্রামীনফোন করপরবর্তী মুনাফা করেছে ৫২০ কোটি ৩৬ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৬ কোটি ৭৪ লাখ টাকা।
মুনাফা বাড়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত গ্রামীণফোনের মুনাফা গত বছরও বেড়েছিল।
২০১১ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি করপরবর্তী মুনাফা করেছে ১ হাজার ৮৮৯ কোটি ১০ লাখ টাকা, যা ২০১০ সালে ছিল ১ হাজার ৭০ কোটি ৫৩ লাখ টাকা।
গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ২০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা গ্রামীণফোনের ৯০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৫৮ ঘ.
bdnews24