ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর পরিচালক ও কর্মকর্তাদের সাথে এনবিআর ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের নাসিরউদ্দিন আহমেদ বলেন, “পুঁজিবাজারের জন্য যে সব প্রণোদনা দেওয়া হয়েছে তার সবই আগামীতে অব্যাহত থাকবে। বিনিয়োগকারীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি আমাদের বিবেচনায় আছে।”
আগামী বাজেটেও অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বৈধ করার সুযোগ থাকবে কী না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, “বর্তমানে যা আছে তার কোন পরিবর্তন হবে না।”
চলতি অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে অপ্রদর্শিত বা করবহির্ভূত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগে আয়কার রেয়াত ও মিউচুয়াল ফান্ডের করের ওপরও ছাড় আছে।
বৈঠকে আগামী বাজেটের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট ১০টি প্রস্তাব রেখেছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই সহসভাপতি আহমেদ রশিদ লালীর উপস্থাপন করা এসব প্রস্তাবের মধ্যে বেশিরভাগই বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোর কর কমানো সংক্রান্ত।
প্রস্তাবগুলোর মধ্যে মধ্যে ব্যাংক, ইন্সুরেন্স ও ব্যাক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর কমানো, ব্রোকারদের পাওয়া কমিশনের ওপর কর কমানো এবং বিনিয়োককারীদের পাওয়া লভ্যাংশের ওপর কর কমানো প্রভৃতি।
ডিএসই সভাপতি রকিবুর রহামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব প্রস্তাব বাস্তবায়িত হলে পুঁজিবাজারে লেনদেন আরো বাড়বে এবং তা থেকে সরকার আরো বেশি কর পাবে।”
ডিএসইর প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
ডিএসইর প্রস্তাব
বাজেট বিষয়ে ডিএসইর দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, ব্রোকারদের পাওয়া কমিশনের ওপর বর্তমানের করহার ০.০৫০ শতাংশ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশে নামিয়ে আনা, ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশের ওপর কর প্রত্যাহার করা।
ইন্সুরেন্স ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ওপর বর্তমানের কর ৫ শতাংশ কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করা, পুঁজিবাজারে তালিকাভূক্ত এবং তালিকাবহির্ভূত প্রতিষ্ঠানের মধ্যে কর হার ৫ শতাংশ ব্যবধান রাখা, নতুন তালিকাভূক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে ১৫ শতাংশ কর রেয়াত দেওয়া এবং নতুনভাবে তালিকাভূক্তির আগের ২ বছর অর্থের উৎস নিয়ে প্রশ্ন না করার প্রস্তাব দিয়েছে ডিএসই।
ক্যাপিটাল গেইনের ওপর বর্তমানের গড়পড়তা ১০ শতাংশ কর প্রত্যাহার করে দুই বছর পর্যন্ত শেয়ার ধারণের ক্ষেত্রে ৭ শতাংশ এবং তার বেশি হলে ৫ শতাংশ হারে করারোপ করাও প্রস্তাব রাখা হয়েছে।
বার্ষিক ১০ লাখ টাকার কম উপার্জনকারীরা ন্যূনতম ৫০ হাজার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে ৫০ শতাংশ পর্যন্ত কর রেয়াত দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবনা শেষে ডিএসই সভাপতি বলেন, “বাজার ভালো হলে সরকারের কর বাড়বেই। আমাদের লক্ষ্য দৈনিক গড় লেনদেন দুই থেকে আড়াই হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া।”
বাজারে নতুন প্রতিষ্ঠানের তালিকাভূক্তির বিষয়ে এনবিআরকে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “কোনো উন্নত দেশে বিদেশি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভূক্ত না হয়ে ব্যবসা করতে পারে না। কিন্তু আমাদের এখানে অনেক বিদেশি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভূক্ত হচ্ছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ আরবি/এসডব্লিউ/এসইউ/১৭৩৬ ঘ.
bdnews24