২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভ্রান্তির পর ব্যাখ্যা দিল এসইসি

অপেক্ষাকৃত ‘দুর্বল’ মৌলভিত্তির দুটি কোম্পানিকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়ার পর ‘বিভ্রান্তি’ সৃষ্টি হওয়ায় এর ব্যাখ্যা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপেক্ষাকৃত ‘দুর্বল’ মৌলভিত্তির দুটি কোম্পানিকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়ার পর ‘বিভ্রান্তি’ সৃষ্টি হওয়ায় এর ব্যাখ্যা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, রাইট শেয়ার দেওয়ার জন্য ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএনএল) ও তাল্লু স্পিনিংকে অবশ্যই ২১ মের মধ্যে নির্দিষ্ট পরিমাণ শেয়ার ধারণের শর্ত পূরণ করতে হবে। পরিচালকদের হাতে নির্ধারিত পরিমাণে শেয়ার না থাকার পরও কমিশন গত মঙ্গলবার আইএসএনএল ও তাল্লু স্পিনিংকে রাইট শেয়ার ছাড়ার অনুমতি দেয়। একই দিনে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমতি দেওয়া হয় সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানিকে। এসইসির তথ্য অনুযায়ী, রাইট শেয়ার ছেড়ে তাল্লু স্পিনিং পুঁজিবাজার থেকে ৪২ কোটি ৮০ লাখ টাকা এবং আইএসএনএল ৯ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে। আর সামিট পুর্বাঞ্চল প্রতিটি ১০ টাকার শেয়ারে ৩৫ টাকা প্রিমিয়ামসহ পুঁজিবাজার থেকে সংগ্রহ করবে ১৩৫ টাকা। এসইসির সভায় এ সিদ্ধান্তের পরপরই বিনিয়োগকারীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, পরিচালকদের শেয়ার কেনার জন্য সময় বাড়ানো হচ্ছে। এসইসির সিদ্ধান্তের সরাসরি সমালোচনা না করলেও বুধবার রাইট শেয়ার ইস্যু করা এবং আইপিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। ডিএসই পর্ষদের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বাজার যখন ভালো থাকে, তখন সব আসা শুরু করে। বাজার ভালো হলে যে কোনো কোম্পানি যে কোনোভাবে এসে টাকা তুলে নেবে- এটাকে আমরা অনুৎসাহিত করছি।” পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হলে একটি কোম্পানিকে ভবিষ্যৎ প্রবৃদ্ধিরও নিশ্চয়তা দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডিএসই সভাপতির এ বক্তব্যের পরদিন নিজেদের অবস্থান স্পষ্ট করতে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় এসইসি। এতে বলা হয়, “বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোম্পানি দুইটির ক্ষেত্রে সকল পরিচালককে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত এবং প্রত্যেক পরিচালককে পৃথকভাবে ২ শতাংশ শেয়ার ধারণ কমিশনের নোটিফিকেশন পরিপালন করতে হবে। অন্যথায় তারা রাইট শেয়ারের জন্য রেকর্ড ডেইট এবং চাঁদা গ্রহণের তারিখ ঘোষণা করতে পারবে না।” গত ২২ নভেম্বর জারি করা এসইসির আদেশে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের হাতে অন্তত ২ শতাংশ শেয়ার থাকতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য ২১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়ে এসইসি বলে, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার থাকলে কোনো কোম্পানি রাইট শেয়ার বা আরপিও ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে পারবে না। ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আইএসএনএলের উদ্যোক্তা পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ওই কোম্পানির ১৯ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসই থেকে ১৩ ডিসেম্বর প্রকাশ করা তালিকা অনুযায়ী, আইএসএনএলের ১৪ জন এবং তাল্লু স্পিনিংয়ের ৮ জন পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। গত নভেম্বরে ওই নির্দেশনা জারির পর আরো ছয়টি কোম্পানিকে রাইট শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে এসইসি। কোম্পানিগুলো হলো সায়হাম টেক্সটাইল, আরএন স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, ট্রাস্ট ব্যাংক, কেয়া কসমেটিকস ও সেন্ট্রাল ইন্সুরেন্স। তবে এসব কোম্পানির ক্ষেত্রে নূন্যতম শেয়ার ধারণের বিষয়টি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এসইসির মুখপাত্র সাইফুর রহমান বলেন, “বিজ্ঞপ্তি দিয়ে না জানানো হলেও ওই কোম্পানিগুলোকে আমরা জানিয়েছিলাম রাইটের অর্থ সংগ্রহ করতে হলে কোটা পূরণ করতে হবে। কিন্তু ন্যূনতম শেয়ার ধারণের জন্য বেঁধে দেওয়া সময় এগিয়ে আসায় আমরা বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করেছি।” দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই মঙ্গলবার থেকেই দরপতনের ধারায় রয়েছে। গত তিন কার্যদিবসে ডিএসই সাধারণ সূচক ২২৪ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ১৬৩ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৯৪৪ ঘ.