ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও লেনদেন শেষে সূচক একশ’ পয়েন্টের বেশি কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে সাধারণ সূচক বাড়ে। তবে পৌনে ১২টা থেকে সূচক কমতে শুরু করে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৮ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত আছে ১৪টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৭৫৫ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১১৯ কোটি টাকা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সাধারণ সূচক প্রায় ৩১ পয়েন্ট কমে। সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২১ পয়েন্ট। রোববার সাধারণ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩৩ পয়েন্ট কমে।
ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে (১৫-১৯ এপ্রিল) পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে প্রায় ২৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১ কোটি টাকা যা আগের সপ্তাহে ছিল ৮৪৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহেও ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছিল। সাধারণ সূচক বেড়েছিল ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। এরও আগের চার সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৭ ঘ.
bdnews24