২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকার বৈধতা দেওয়ার ইঙ্গিতে টিআইবির উদ্বেগ

সরকার আগামী বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে এতে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে এতে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সোমবার গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘‘কালো টাকা সাদা করার বিধান অসাংবিধানিক, নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী, অনৈতিক ও বৈষম্যমূলক।” রোববার আগামী অর্থবছরের বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী বাজেট নিয়ে এক আলোচনায় তিনি বলেন, “কালো টাকা সাদা করার পক্ষে আমরা নই। তবে আমরা গণতান্ত্রিক সরকার। একটি গণতান্ত্রিক সরকারকে অনেক কিছুর সঙ্গেই সমঝোতা করতে হয়। সুতরাং এ সব (কালো টাকা সাদা) অনেক কিছুই করতে হয়।” আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। পরের বছরে এ সুযোগ ছিল না। গত বাজেটে শুধু শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। টিআইবির বিবৃতিতে বলা হয়, “স্বার্থান্বেষী মহলের চাপে প্রণোদনার নামে পুঁজিবাজারের মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হয়েছে এবং দুর্নীতিগ্রস্থ প্রভাবশালীদের দ্বারা পুঁজিবাজার পরিপূর্ণ দখলের সুযোগ সৃষ্টি করা হয়েছে।” বিদেশ থেকে আসা রেমিটেন্স থেকেও কালো টাকা উৎপন্ন হতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী উদাহরণ বলেছিলেন, “যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তিনি বৈধ অর্থ পাঠাচ্ছেন কিনা- অনেক সময়ই আমরা তা নিশ্চিত হই না। এটাতে কালো টাকা উৎসাহিত হয়। এখানে এদিক-ওদিক হওয়ার সুযোগ থাকে।” আর কালো টাকা প্রসঙ্গে অর্থসচিব মোহাম্মদ তারেক একই আলোচনায় বলেন, “এমন কোনো অর্থনীতি পাবেন না যেখানে কালো টাকা নেই। কালো টাকা পুঁজি তৈরি করে। যেটা ডেভেলপমেন্টে ব্যবহার করা যায়। কিন্তু দেখার বিষয় হচ্ছে- টাকাটা কোথায় ব্যবহার হচ্ছে।” তাদের দুজনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, “অর্থমন্ত্রী ও অর্থসচিবের বক্তব্যে প্রবাসী আয় এবং মুনাফা অর্জনকে ঢালাওভাবে কালো টাকাকে উৎসাহিত করার কারণ হিসেবে চিহ্নিত করা অযৌক্তিক। বিশেষ করে ‘কালো টাকার সাথে দুর্নীতির কোন সম্পর্ক নেই’ অর্থসচিবের এরূপ মন্তব্য দায়িত্বহীনতার পরিচায়ক।” বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে এরূপ বক্তব্যের পেছনে সুস্পষ্ট বিশ্লেষণ থাকা উচিত। রাজনৈতিক বিবেচনায় কালো টাকা নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করা সম্ভব নয় বলে অর্থমন্ত্রীর যে বক্তব্য দিয়েছেন তা দুর্নীতির কাছে রাজনৈতিক পরাজয়ের দৃষ্টান্ত হিসাবে মনে করে টিআইবি। নতুন বাজেটে কালো টাকার উৎস বন্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেছিলেন, “কালো টাকাকে নিরুৎসাহিত করা দু-একদিনের ব্যাপার নয়। আমরা জানি, কালো টাকা কীভাবে উৎপন্ন হয়। কিন্তু এটাকে বন্ধ করা সহজ নয়।” রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পর্যায়ে দুর্নীতির প্রভাব বিস্তার বন্ধ করতে কালো টাকাকে বৈধ করার সুযোগ বন্ধে বিবৃতিতে দাবি জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৮৪৩ ঘ.