২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিপাবলিক ইন্সুরেন্সের লভ্যাংশ ও রাইট শেয়ারের ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 05:28 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পরিচালনা পর্ষদ প্রতিটি শেয়ারের জন্য একটি করে রাইট শেয়ারেরও সুপারিশ করেছে। অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে প্রিমিয়াম ৫ টাকা যোগ করে রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১৫ টাকা। রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে সকাল ১০টায় পুরানো বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২১ ঘ.