ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে হাই কোর্টে একটি আলাদা বেঞ্চ গঠনের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্যদের সঙ্গে সভায় তিনি এ আশ্বাস দেন।
সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তিতে অনেক সময় লাগে। হাই কোর্টে একটা আলাদা বেঞ্চকে এই মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দিলে তা দ্রুত নিষ্পত্তি হবে।”
“আমরা এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। এটা করতে কোনো অসুবিধা নেই। এটা করা যাবে।” ডিএসই পরিচালনা পর্যদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন আইনমন্ত্রী।
ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, আমরা পুঁজিবাজারকে স্থিতিশীল করতে চাই। তবে এজন্য কিছু কিছু আইন পরিবর্তন করা দরকার। এ ব্যাপারে আমরা আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।
আলাদা বেঞ্চ গঠনের যুক্তি তুলে ধরে তিনি বলেন, “পরিচালকদের ভুল বোঝাবুঝি বা বিভিন্ন কারণে বিনিয়োগকারীরা মামলা করেন। এতে কোম্পানির এজিএম বন্ধ হয়ে যায়, বিনিয়োগকারীরাই সমস্যায় পড়েন। ফলে তাদের লভ্যাংশ দেওয়া সম্ভব হয় না। এসব বিষয় নিষ্পত্তিতে হাই কোর্টে আলাদা বেঞ্চ করা উচিত।”
এছাড়াও তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিরোধ নিষ্পত্তির জন্য এসইসিকে প্রাথমিক বিচারিক ক্ষমতা দিতে আইনমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন ডিএসই সভাপতি।
দাবির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “ক্ষমতা পেলে অভ্যন্তরীণ বিরোধ এসইসি সমাধান করবে। এসইসি ব্যর্থ হলে বা কেউ রায় না মানলে তারা উচ্চ আদালতে যাবেন।”
কোম্পানির শেয়ারের দাম পড়ে গেলে বিনিয়োগকারীরা হতাশায় পড়ে উল্লেখ করে রকিবুল তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব বাইব্যাক আইন প্রণয়ণের দাবি জানান।
আইনমন্ত্রীর সঙ্গে সভায় পুঁজিবাজারের অডিটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠনেরও দাবি জানিয়েছেন বলে ডিএসই চেয়ারম্যান জানান।
তিন মাস পর পর কোম্পানিগুলোর সম্পদের ‘রিভ্যালুয়েশন’ না করে তা তিন বছর পর পর করার দাবি জানিয়ে ডিএসই সভাপতি বলেন, “তিন মাস পর পর রিভ্যালুয়েশন করলে বিভ্রান্তির সৃষ্টি হয়। বাজারেও এর প্রভাব পড়ে। বিনিয়োগকারীরা এর কোনো সুফল পান না। এ ব্যাপারে আমরা আইন করার কথা বলেছি।”
বৈঠকে ডিএসইর পরিচালনা পর্যদের সদস্য এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের বিষয়ে এর আগে আলোচনা করেছিলেন ডিএসইর প্রতিনিধি দল।
৮ এপ্রিল এক আদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায় হাই কোর্ট।
চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর এই প্রজ্ঞাপন জারি করেছিল এসইসি।
ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে, তা না হলে তিনি পরিচালক পদ হারাবেন।
গত ৪ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুঁজিবাজার থেকে শেয়ার কেনার বাধ্যবাধকতার কথা উদ্যোক্তা-পরিচালকদের মনে করিয়ে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এসইসির এই আদেশের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আগামী ২১ মে শেয়ার কেনার সময়সীমা শেষ হবে। উদ্যোক্তা-পরিচালকদের যারা এখনও ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পূরণ করেননি, তাদের এ সময়ের মধ্যে শেয়ার কেনা শেষ করার কথা মনে করিয়ে দিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের অনুরোধ করা হয়েছে ডিএসইর এই চিঠিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৬০৫ ঘ.
bdnews24