২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমেছে সামান্যই

পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের পরদিন লেনদেন শেষে সাধারণ সূচক সামান্য কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের পরদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ওঠানামা করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর পাঁচ মিনিটে সাধারণ সূচক কমে ৬৩ পয়েন্ট। তবে ১১টা ২০ মিনিট থেকে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯ পয়েন্ট হয়েছে। লেনদেন হওয়া ২৫৬ টি কো¤পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৬৮৮ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছিল প্রায় ৭ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১০৯ পয়েন্ট বা ২.১৮ শতাংশ বাড়ে। গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন ছিল ৭২৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৩১ পয়েন্ট। তারও আগের দুই সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল। রোববার এক আদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায় হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে প্রজ্ঞাপনটি গত ২২ নভেম্বর জারি করেছিল এসইসি। ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে, তা না হলে তিনি পরিচালক পদ হারাবেন। গত ৪ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুঁজিবাজার থেকে শেয়ার কেনার বাধ্যবাধকতার কথা উদ্যোক্তা-পরিচালকদের একটি চিঠি দিয়ে মনে করিয়ে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এসইসির এই আদেশের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আগামী ২১ মে শেয়ার কেনার সময়সীমা শেষ হবে। উদ্যোক্তা-পরিচালকদের যারা এখনও ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করেননি, তাদের এ সময়ের মধ্যে শেয়ার কেনা শেষ করার কথা মনে করিয়ে দিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের অনুরোধ করা হয়েছে ডিএসইর এই চিঠিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, তিতাস গ্যাস, যমুনা অয়েল, জিএসপি ফিনান্স, গ্রামীণ ফোন, এমআই সিমেন্ট, ডেসকো লি., বেক্সিমকো লি., লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম ও এমজেএল। দর বাড়ার শীর্ষে প্রধান ১০ টি কোম্পনি হলো, জিএসপি ফিনান্স, প্রগ্রেসিভ লাইফ, এসিআই, জিকিউ বলপেন, আরামিট লি., ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, এটলাস বাংলা, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, মেঘনা পেট্রোলিয়াম ও তাকাফুল ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, অ্যাক্টিভ ফাইন, প্রাইম ১ আইসিবিএ, ফিনিক্স ইন্সুরেন্স, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ৩য় আইসিবি, সেন্ট্রাল ইন্সুরেন্স, ইমাম বাটন, কে এন্ড কিউ, শমরিতা হাসপাতাল ও প্রাইম টেক্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬৪০ ঘ.