২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক বেড়েছে সামান্যই

দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন ওঠানামার পর সূচক বেড়েছে সামান্যই। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পাঁচ মিনিটে সাধারণ সূচক বাড়ে প্রায় ৫৬ পয়েন্ট। এরপর সূচকে ওঠানামা চলতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৬ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৬৭৯ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ১৫৭ কোটি টাকা বেশি। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১০৯ পয়েন্ট বা ২.১৮ শতাংশ বাড়ে। গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন ছিল ৭২৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৩১ পয়েন্ট। তারও আগের দুই সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৫ ঘ.