২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন আধা ঘণ্টা এগোচ্ছে

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিলেই নতুন সময়সূচি কার্যকর করা হবে জানিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি আধঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দুই পুঁজিবাজার কর্তৃপক্ষ। একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনার সময় বাড়ানো যাবে না বলেও জানিয়ে দিয়েছেন দুই স্টক এক্সচেঞ্জের নেতারা। শনিবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারি গলফ ক্লাবে এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান এ তথ্য জানান। রকিবুর রহমান বলেন, “আমরা লেনদেন শুরু করতে চাই সকাল ১১টার পরিবর্তে সাড়ে ১০টায় এবং শেষ করতে চাই বিকাল ৩টার পরিবর্তে আড়াইটায়।” নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি অনুমোদন দিলেই নতুন সময়সূচি কার্যকর করা হবে বলে জানান তিনি। রকিবুর বলেন, বাজার সংশ্লিষ্টদের নামাজ এবং দুপুরের খাবারের সময়ের বিষয়টি বিবেচনায় রেখেই সময়ের এই পরিবর্তন আনা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরবি/জেকে/১৭০৯ ঘ.