ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানির উদ্যোক্তারা কোনো লভ্যাংশ পাবেন না বলেও জানানো হয়।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে বেলা ১১টায় বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩১ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০২ ঘ.
bdnews24