ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চতুর্থ দিনের মতো সূচকের বৃদ্ধিতে বুধবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। চার মাসের মধ্যে লেনদেন হয়েছে সর্বোচ্চ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর সাধারণ সূচক বাড়তে থাকে। বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসই সাধারণ সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়ায়। লেনদেন শেষে সাধারণ সূচক প্রায় ৯৯ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে ৫ হাজার পয়েন্টের ওপর সূচক ছিল ১৫ জানুয়ারি।
ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৮২১ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৬৯ টাকা বেশি। প্রায় চার মাসের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে এর চেয়ে বেশি এক হাজার ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ২৩ নভেম্বর।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।
মঙ্গলবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয় ৭৫ পয়েন্ট। লেনদেন হয় ৭৫২ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৪৭৬ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৮৬ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৪০ ঘ.
bdnews24