২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ওয়ান ব্যাংক ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ট ও ইউনিয়ন ক্যাপিটাল ১০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়। ওয়ান ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ বেলা সাড়ে বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ। এছাড়া পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ৪১৫ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করার জন্য ২৯ মার্চ বেলা সাড়ে ১০টায় একই স্থানে জরুরি সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। এজন্য রেকর্ড তারিখও ৬ মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ওয়ান ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৯ টাকা ৯০ পয়সা। ওয়ান ব্যাংক ২০১০ সালের সমাপনী বছরে ৫৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। ইউনিয়ন ক্যাপিটালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইউনিয়ন ক্যাপিটালের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৪ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৭৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২২১ ঘ.