ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে গত বুধবার অর্থমন্ত্রীর ঘোষণার পর সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেনও।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুর পর থেকেই ধাপে ধাপে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ১৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪২ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া ২৬১ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ১০টির ও অপরিবর্তিত আছে ৩টির। লেনদেন হয়েছে প্রায় ৪৬৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ১৩৩ কোটি ৪৩ লাখ টাকা বেশি।
গত সপ্তাহের শুরুতে দুই দিন দরপতন হলেও বুধবার পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের খবরে শেষের দুই কার্যদিবসে বাজারে চাঙ্গাভাব দেখা যায়। গত সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্র“য়ারি) চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট।
বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী ১০ দিনের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ চূড়ান্ত হবে।
আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে গঠন করা কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয়।
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো লি., গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এনবিএল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এমআই সিমেন্ট, এমজেএল বিডি, সেন্ট্রাল ইন্সুরেন্স, সামিটপোর্ট এলায়েন্স, আল-হাজটেক্স, প্রাইম টেক্স, দেশবন্ধু পলিমার, এসআলম সিআরএসটি, কোহিনুর কেমিক্যাল ও মুন্নু সিরামিকস।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ৯টি কোম্পানি হলো, রূপালী ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, আইসিবিআই ব্যাংক, এলআর গে¬াবাল ১, নর্দান জুট, লিন্ডে বিডি, সাউথইস্ট ব্যাংক, আইবিবিএলপি বন্ড ও এসিআই জিরো কূপন বন্ড।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচকে যোগ হয় ১২১ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৩২৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।
গত সপ্তাহের আগের সপ্তাহে (১২ ফেব্র“য়ারি-১৬ ফেব্র“য়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট।
২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬৫১ ঘ.
bdnews24