ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন দরপতনে যেটুকু সূচক কমছে, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে প্রায় ততটুকুই সূচকে যোগ হয়েছে। লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক কিছুটা নামে। এরপর তা ওপরের দিকে উঠতে থাকে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক গতদিনের চেয়ে ১১২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮৯ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত আছে ৫ টির। লেনদেন হয়েছে প্রায় ২৫৩ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা বেশি।
টানা তিনদিন সূচক বাড়ার পর মঙ্গলবার দরপতন হয় পুঁজিবাজারে। লেনদেন শেষে সাধারণ সূচক ১১৩ পয়েন্ট কমে।
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬৫ পয়েন্ট বাড়ার পর এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ২১৫ পয়েন্ট বাড়ে। সোমবার পুঁজিবাজারে সূচক লেনদেন দুটোই বেড়েছিল। সেদিন লেনদেন শেষে সূচকে যোগ হয় ৬৪ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো লি., এনবিএল, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক ও সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ইস্টার্ন ব্যাংক লি., ইনটেক অনলাইন, ৬ষ্ঠ আইসিবি, অগ্রণী ইন্সুরেন্স, এনআরবি মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো সিনথেটিক্স, বার্জার পেইন্ট, প্যারামাউন্ট ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স ও উত্তরা ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, সমতা লেদার, আইসিবি ইবিএল ১ম এনআরবি, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, এনটিসি, প্রাইম ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও ৮ম আইসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.
bdnews24