২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ফের দরপতন

আগের দিন সূচক ৯ শতাংশ বাড়ার পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ১৩৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় শতাংশেরও বেশি সূচক বাড়ার পর দিনই বড় ধরনের দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা চললেও পরে সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ১৩৫ পয়েন্ট কমে ৩ হাজার ৮০৯ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত আছে ১০টির। লেনদেন হয়েছে ২১৭ কোটি টাকার শেয়ার। দরপতনের প্রতিবাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে জড়ো হয়ে প্রতীকি ভিক্ষার থালা নিয়ে বিক্ষোভ করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। তারা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও ডিএসই সভাপতির বিরুদ্ধে শ্লোগান দেয়। তবে ডিএসই ভবনের সামনে যান চলাচল স্বাভাবিক আছে। মঙ্গলবার লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সবগুলোর দামই বাড়ে। ডিএসই সাধারণ সূচক বাড়ে ৯ দশমিক ১০ শতাংশ বা ৩২৯ পয়েন্ট। লেনদেন হয় ১৯১ কোটি টাকার শেয়ার। অথচ আগের দিন সোমবার সাধারণ সূচক ২২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৬১৬ পয়েন্ট হয়, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সূচকের সবচেয়ে নিচের অবস্থান। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪.৪৯ শতাংশ কম। এর আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। এর আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক কমেছিল ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ। এরও আগের সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৬ ঘ.